চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা রোধে ‘ভালো ফলের’ অপেক্ষা
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের কাজ ৭৬ শতাংশ শেষ হয়েছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে থাকায় এবার ‘ভালো ফল’ আসবে। তবে পুরোপুরি সুফল পেতে হলে আরও অপেক্ষা করতে হবে। মূলত খাল ও নালায় ময়লা-আবর্জনা জমে যাওয়ার কারণে সুফল আটকে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে।
‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আশাবাদ ব্যক্ত করেছেন। জলাবদ্ধতা প্রকল্পের সর্বশেষ অগ্রগতি জানাতে মঙ্গলবার দুপুরে দামপাড়ায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এই প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এ প্রকল্পে ব্যয় হচ্ছে ৫ হাজার ৬১৬ কোটি টাকা। ২০১৭ সালে অনুমোদিত এই প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জুনে শেষ হয়। তবে মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। এরপরও কাজ বাকি থাকায় মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হবে। একই সঙ্গে ব্যয়ও বাড়বে। প্রকল্পের খরচ কত বৃদ্ধি পাবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রামে আগে যে রকম জলাবদ্ধতা হতো, এবার তা হবে না। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রধান কাজগুলো হয়ে গেছে। তবে জলাবদ্ধতা নিরসনের বিষয়টি শুধু একটি প্রকল্পের ওপর নির্ভর করছে না জানিয়ে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালগুলো থেকে সব ধরনের বাঁধ অপসারণ করেছে সেনাবাহিনী। তবে এখন যদি নালাগুলো পরিষ্কার করা না হয়, তাহলে খালে পানি যাবে না। এই বিষয়ে কাউকে দোষারোপ করছেন না। তবে নালাগুলো পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতার বাইরে থাকা ২১ খাল নিয়ে কী হবে, জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, এসব খাল নিয়ে সিটি করপোরেশন প্রকল্প নিচ্ছে।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান বলেন, তাঁদের ব্রিগেডের আওতায় দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো প্রকল্প বাস্তবায়িত হয়েছে ও বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। তবে চট্টগ্রামের জলাবদ্ধতার নিরসন প্রকল্পের মতো চ্যালেঞ্জ কোথাও পাননি। বর্ষার কারণে বছরের ছয় মাস এই প্রকল্পের কাজ করা যায় না। অনেকগুলো খালে কাজ করতে যাওয়ার মতো রাস্তা ছিল না। এ জন্য মাটি ফেলে ভরাট করতে হয়েছে। আবার খালগুলো দখল হয়ে যাওয়া ছিল আরেকটি চ্যালেঞ্জ। দখলমুক্ত থাকলে কাজ করা যত সহজ, অবৈধ স্থাপনা থাকলে তত সহজ নয়। এতে প্রকল্পের কাজের গতি ধীর হয়ে যায়।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়ে যাওয়ায় এবার পানি উঠবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে প্রকল্পের উদ্দেশ্য, অগ্রগতি, জলাবদ্ধতার কারণ ও বাধা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী। তিনি জানান, এখন পর্যন্ত প্রকল্পের কাজে ব্যয় হয়েছে ৩ হাজার ১৮ কোটি টাকা। কাজের অগ্রগতি ৭৬ দশমিক ২৫ শতাংশ। প্রকল্পের আওতায় খালগুলোর দুই পাশে ১৭৬ কিলোমিটার প্রতিরোধ দেয়ালের মধ্যে ১১৮ কিলোমিটার নির্মাণ করা হয়েছে। ৪৫টি ব্রিজ ও ৬টি কালভার্টের মধ্যে সব কটির কাজ শেষ হয়েছে। পাঁচটি খালের মুখে জলকপাটের (স্লুইসগেট) নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। তবে খালের পাশে ৮৫ কিলোমিটার রাস্তার মধ্যে সাড়ে ১৫ কিলোমিটার নির্মাণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় বাকি কাজ থমকে আছে।
নগরের মহেশ খালের মুখে জলকপাটের কাজ শেষ হওয়ায় এখন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা এবং মা ও শিশু হাসপাতালে আগের মতো জোয়ারজনিত জলাবদ্ধতা হয় না বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, নগরের পানি নিষ্কাশনের মূল খালগুলো সিডিএর প্রকল্পের আওতায়। এগুলো ঠিকভাবে পরিষ্কার করা হলে এবং বাঁধ না থাকলে জলাবদ্ধতা হওয়ার কথা নয়। ছোট ছোট নালার কারণে তেমন জলাবদ্ধতা হয় না। তারপরও সিটি করপোরেশন এগুলো পরিষ্কার করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দীন প্রমুখ।