বাংলাদেশ ব্যাংক, ভূমিসেবা ও ৬ ব্যাংকের ওয়েবসাইট এখনো বন্ধ

প্রতীকী ছবি: রয়টার্স

ওয়েবসাইট তৈরির বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে শনাক্ত হওয়া নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংক, ভূমি সেবাসহ ছয়টি ব্যাংকের ওয়েবসাইট এখনো বন্ধ রয়েছে। সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে এবং নিজেদের প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই করতে এসব ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে এসব ওয়েবসাইট বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি ব্যাংকও ওয়েবসাইট বন্ধ করে দেয়। ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

আরও পড়ুন

সংশ্লিষ্ট ব্যাংকগুলো জানিয়েছে, সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়ানো এবং প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হলে ওয়েবসাইটগুলো আবার চালু করা হবে।

এদিকে পিএইচপির নিরাপত্তা ত্রুটির প্রেক্ষাপটে ভূমি মন্ত্রণালয়ও ডিজিটাল ভূমি সেবার ওয়েবসাইট বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ করছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ৩৬ ঘণ্টা এই কার্যক্রম চলার কথা। এ সময় land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ভূমিসেবা নেওয়া যাবে না।

আরও পড়ুন

সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট ২২ অক্টোবর পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে পিএইচপির ব্যবহার শনাক্ত করা, ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কিনা যাচাই করা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন

পিএইচপি ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। এতে নিরাপত্তা ত্রুটি থাকলে সংশ্লিষ্ট সফটওয়্যার ও সার্ভারের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই করছে।

আরও পড়ুন