শেভরন সরবরাহ করছে ৬০ শতাংশ গ্যাস

বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ২৫ বছর উদ্‌যাপন করতে অনুষ্ঠানের আয়োজন করে শেভরনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা গ্যাসের মধ্যে এখন ৬০ শতাংশ সরবরাহ করছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। দেশের তিনটি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন করে প্রতিদিন এ গ্যাস সরবরাহ করছে তারা। এর মধ্যে সবচেয়ে বেশি গ্যাস আসছে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে। বিবিয়ানায় নতুন করে আরও কিছু এলাকায় গ্যাস অনুসন্ধান করবে শেভরন।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ২৫ বছর উদ্‌যাপন করতে এ অনুষ্ঠানের আয়োজন করে বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন। ১৯৯৫ সালে প্রথম উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই করে এ কোম্পানি। ১৯৯৮ সালে সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হয়। আর ২০০৭ সালে উৎপাদনে আসে বিবিয়ানা। এর বাইরে মৌলভীবাজার গ্যাসক্ষেত্রেও উৎপাদন করছে তারা।

দিনে এখন গড়ে প্রতিদিন ২৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় দেশীয় গ্যাসক্ষেত্র থেকে। এর মধ্যে প্রায় ১৪০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে শেভরন, যার মধ্যে শুধু বিবিয়ানা থেকে উৎপাদন করা হচ্ছে ১২২ কোটি ঘনফুট। দেশের গ্যাস উৎপাদনে ভূমিকা রাখায় শেভরনের প্রশংসা করে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন এবং পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা খাতে শেভরনের বিভিন্ন সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে। এতে আরও বক্তব্য দেন ঢাকায় মার্কিন দূতাবাসের অর্থনৈতিক বিভাগের প্রধান যোসেফ গিবলিন এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।