কাল থেকে সিলেট-জেদ্দা সরাসরি বিমান চলবে
সিলেট থেকে সৌদি আরবের জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল সোমবার এ রুটে যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করবে। সপ্তাহের প্রতি সোমবার এ রুটে একটি করে ফ্লাইট চলবে।
আজ রোববার বিমান বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল সোমবার বিমানের ফ্লাইট বিজি-২৩৫ ঢাকা থেকে বিকেল ৪টা ৫০ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকেল সাড়ে ৫টায়। একই ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে।
ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে। এরপর ফ্লাইটটি সিলেট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ২৫ মিনিটে।
বিমানের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার থেকে চীনের গুয়াংজু রুটে বিমানের চতুর্থ ফ্লাইটের টিকিট বিক্রয় শুরু হবে। বিমান বাংলাদেশের ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের এই ফ্লাইটটি আগামী ১০ নভেম্বর গুয়াংজুর উদ্দেশে যাত্রা করবে। এ ফ্লাইটের টিকিট সোমবার দুপুর ১২টা ১ মিনিট থেকে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের ফ্লাইটের টিকিট বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও কেনা যাবে। বিমান বাংলাদেশ জানিয়েছে, যাত্রীরা কোভিড-১৯ প্রটোকল নিশ্চিত হয়ে এবং ভ্রমণ পরামর্শ অনুসরণ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।