বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। জাতীয় সংসদ, ১৪ মেছবি: জাতীয় সংসদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। এ সময় তাঁদের মধ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করা, চলমান সংস্কার কার্যক্রম ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করে।