রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মুঠোফোন ব্যবহারে সতর্ক করল ডিএমপি
ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মুঠোফোন ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব কথা বলা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের সময়ে মুঠোফোন ব্রাউজ করার ফলে তাঁদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।
আদেশে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যদের মুঠোফোন ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হলো। কোনো পুলিশ সদস্য এ নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে বিবেচিত হবে। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, মুঠোফোন ব্যবহার না করা মানে এমন না যে তাঁরা কল করতে বা ধরতে পারবেন না। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা যাতে দায়িত্বের প্রতি আরও মনোযোগী থাকেন, তা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঝটিকা মিছিল বের করছেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ সোমবার ঢাকার চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে পুলিশের পাহারা থাকা সত্ত্বেও মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে মুঠোফোন ব্যবহার না করার এই নির্দেশনা জারি করল পুলিশ।
যদিও গতকাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে।