সরকারি সফরে ভারত গেলেন সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বুধবার তিন দিনের সরকারি সফরে ঢাকা ছাড়েন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে সেনাপ্রধান ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন। এ ছাড়া তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ভারত সফরে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষাসচিব, পররাষ্ট্রসচিবসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এসব সাক্ষাৎকালে তাঁদের মধ্যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সফরে সেনাপ্রধান ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।
৩০ এপ্রিল সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।