নানা বয়সীর আনাগোনায় জমে উঠেছে হাল ফ্যাশন ঈদমেলা
কলেজশিক্ষার্থীদের একটি দল গয়নার স্টলগুলো ঘুরে ঘুরে দেখছে। ভিন্ন ধরনের গয়নার প্রতি আগ্রহ তাদের। তবে বাহারি রং ও নকশার পোশাকগুলোও তাদের নজর এড়াচ্ছে না। কলেজ শেষ করে এই ছয় বন্ধু হাল ফ্যাশন ঈদমেলায় এসেছেন। তাঁদের একজন শাহনাজ জানান, বিভিন্ন রকমের গয়না কিনবেন। কয়েকজন নিয়েছেনও। বাকিরা এখনো দেখছেন।
বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশন আয়োজিত এই ঈদমেলার আজ মঙ্গলবার শেষ দিন। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত মাইডাস সেন্টারে গতকাল মেলার উদ্বোধন হয়। আজ রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।
সকাল থেকেই নানা বয়সী ক্রেতা মেলায় আসতে থাকেন। লিমা রহমান নামের একজন সকাল সকালই চলে এসেছেন। কারণ, বেলা বাড়লে ভিড় বাড়ে এবং মনমতো সব পণ্য দেখা যায় না।
মাটি দিয়ে তৈরি আংটি, কানের দুল, গলার মালা নিয়ে বসেছে ‘দাগ’। তাদেরই আরেক উদ্যোগ ‘বিভূষণ’। এখানে রয়েছে অ্যান্টিকের গয়না। এই উদ্যোগ দুটির কর্ণধার জারিন রায়হানা তখনো মেলায় এসে পৌঁছাননি। মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মাটির গয়নার চাহিদা অনেক বেশি। বাসায় বসে এখনো তিনি গয়নার তৈরিতে ব্যস্ত। সাধারণত যাঁরা খুব শৌখিন বা ভিন্ন কিছু পরতে চান, তাঁরা মাটির গয়না নেন। এ ছাড়া মেটাল বা মেটালের নানা গয়না কিনে সেটাকে তিনি নিজের মতো করে ভিন্ন নকশায় গয়না তৈরি করেন। মেটালের গয়নার চাহিদাও অনেক বলে জানান।
যশোর থেকে মেলায় অংশ নিতে এসেছেন মুসলিমা আক্তার মৌ তাঁর ‘প্রিয়ভাষিণী যশোর স্টিচ’ নিয়ে। ঢাকায় বিভিন্ন মেলায় নিজের পণ্য নিয়ে চলে আসেন। মুসলিমা প্রথম আলোকে বলেন, তিনি টু-পিস, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, কাঁথার সংগ্রহ নিয়ে এসেছেন এ মেলায়। তাঁর পণ্য হাতের কাজের। নকশাগুলো তিনি নিজেই করেন। পণ্য তৈরির জন্য তাঁর কর্মী রয়েছে। তিনি আরও বলেন, মেলায় এলে অনেকে পরিচিত হন। পরবর্তী সময়ে পণ্যের ফরমাশ দেন।
পোশাক, গয়না ছাড়াও ঘর সাজানোসহ নানা শৌখিন পণ্যও পাওয়া যাচ্ছে মেলায়। কাঠের ওপর করা লুডুবোর্ড, ঘড়ি, গয়নার বাক্স, চাবির রিংসহ নানা কিছু পাওয়া যাচ্ছে ‘আরুনিকা’ নামের স্টলে।
আবার কাঁসা-পিতলের শোপিস, বাসন নিয়ে এসেছে ‘বি বাসিনী’। এর কর্ণধার শিউলি আক্তার প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে তাঁরা এসব সংগ্রহ করেন এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী ফরমাশ দিয়ে এনে দেন।
মেলার কথা জেনে মানিকগঞ্জ থেকে এসেছেন শারমিন অ্যানী। তিনি নিজেও একজন উদ্যোক্তা। মানিকগঞ্জে তাঁর হ্যান্ড পেইন্টের একটি ব্যবসা রয়েছে। শারমিন প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জে তাঁর সঙ্গে অনেক উদ্যোক্তা যুক্ত রয়েছেন। তাঁদের কেউ কখনো ঢাকার মেলায় অংশ নেননি। তাই নিজে দেখতে এসেছেন। পরবর্তী সময়ে উদ্যোক্তারা কীভাবে এসব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন, সেসব বিষয় জেনে যাবেন।
হাল ফ্যাশন প্রথমবারের মতো আয়োজন করছে ঈদমেলা ২০২৫। দেশীয় পণ্যকে এবারের ঈদে সবার কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে উপস্থিত থাকছেন ৫০ জনের বেশি দেশি উদ্যোক্তা। মেলায় ক্রেতারা র্যাফল ড্রয়ে পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা দুটি কাপল টিকিট (৪ জনের), ফ্লাই ফর লেডিসের পক্ষ থেকে দেশ ও বিদেশে ভ্রমণে ডিসকাউন্ট কার্ড, হলিডে ইনের পক্ষ থেকে কাপল ডিনার কুপন ও প্লাটিনাম হোটেলের পক্ষ থেকে কাপল ডিনার কুপন।