সাংবাদিক আজমল হকের বাড়িতে হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক আজমল হক হেলালের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আজমল হক অভিযোগ করেন, গত রোববার রাত ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ার হরিপাগলার চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তুষখালীর তাঁর গ্রামের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে না পেয়ে বাড়ির সামনের টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এ সময় তারা হুমকি দিয়ে বলেন, ‘হেলাল কিসের সাংবাদিক? তাঁকে দেখে নেব।’

আজমল হক বলেন, সন্ত্রাসীরা তাঁর ভাই আইনুল হককেও খুঁজছে। এখন তিনি ও গ্রামে থাকা তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজমল হকের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। গতকাল রোববার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভাপতি শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।