চট্টগ্রামে সমবায় মার্কেটে আগুন, একজনের মৃত্যু
চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সামনে সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন। মঙ্গলবার গত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সমবায় মার্কেটটি টিনশেডের একতলা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির রাতে প্রথম আলোকে বলেন, রাত সোয়া ১২টার দিকে সমবায় মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে। পরে এ আগুন আশপাশের তিন থেকে চারটি প্রিন্টিং প্রেসের দোকান ও পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে। এ ভবনে এবি সার্জিক্যাল নামের একটি দোকানে রাসায়নিক পদার্থ মজুত ছিল।
আগুন লাগার খবর শুনে সেখানে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে থাকা লোকজনকে সরিয়ে নিচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কথা বলে জানা যায়, রাসায়নিক পদার্থের কারণে আগুন বেশি ছড়িয়েছে।
ওসি জাহিদুল কবির বলেন, সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং লেদ মেশিনের দোকান থেকে ৪০ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়। রাত একটার দিকে ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানা–পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি ।