শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে নতুন মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় তিন সাংবাদিককে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।
২৪ আগস্ট এই তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ হাজির করতে বলা হয়েছে। আজ সোমবার ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার আছেন মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। অন্য মামলায় গ্রেপ্তার আছেন শ্যামল দত্ত। এই তিন সাংবাদিকদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।