সাবেক সংসদ সদস্য রুবিনা আক্তার ও তাঁর স্বামীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

মহানগর দায়রা জজ আদালত, ঢাকাফাইল ছবি: প্রথম আলো

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তাঁর স্বামী মো. মোশাররফ হোসেন সরদারের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম পৃথক দুটি আবেদন করেন। এর একটিতে সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের দুটি এবং অপরটিতে তাঁর স্বামী মোশাররফ হোসেন সরদারের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুরোধ জানানো হয়।

রুবিনা আক্তারের বিষয়ে দুদকের আবেদনে বলা হয়, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

দুদক আবেদনে আরও উল্লেখ করে, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে আসামি অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে অর্থ পাচারের জন্য এসব হিসাবে টাকা জমা রেখেছেন। আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, যেকোনো সময় এই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করা হতে পারে। এ কারণে তাঁর দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

অপর এক আবেদনে বলা হয়, মো. মোশাররফ হোসেন সরদার ও সৈয়দা রুবিনা আক্তার একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। মোশাররফের নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। সে জন্য দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়েছে। তাঁর একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।