সাবেক এমপি কাজী নাবিল আহমেদের সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের স্থাবর–অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ রোববার এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নাবিল আহমেদের জব্দকৃত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ১০৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
৫ নভেম্বর কাজী নাবিল আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ, অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা আল আমিন। আজ আদালত আবেদনগুলো মঞ্জুর করেন।
আবেদনগুলোয় বলা হয়েছে, যশোর–৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন। সে জন্য দুদক আইনের ২৭(১) ধারায় মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়ও মামলা হয়েছে। আসামি তাঁর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর করলে মামলার ক্ষতি হতে পারে। সে জন্য তাঁর স্থাবর–অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
অপর আবেদনের শেষাংশে বলা হয়েছে, মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশযাত্রা বন্ধ করা হয়েছে।