দেশে গরু–ছাগল ও ভেড়ার সংখ্যা নিয়মিতভাবে বাড়ছে। এতে এসব প্রাণী এবং এগুলোর মাংস বিদেশ থেকে আমদানি করতে হয় না। কিন্তু দাম বেশি হওয়ায় দেশের বিপুলসংখ্যক মানুষ তা কিনতে পারছেন না। যাঁরা লাল মাংস কিনে খেতে পারছেন, তাঁরা তা নিরাপদভাবে পাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, গবাদিপশু কাটা হচ্ছে যে মাটিতে, সেখানে জীবাণু ও ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাংস সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিবহন না করলে তাতে ব্যাকটেরিয়াসহ নানা ধরনের জীবাণু তৈরি হতে পারে।
আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)–এর যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণী উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি লাল মাংস সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য তা সঠিক তাপমাত্রায় এবং আলাদা ব্যাগের মধ্যে সংরক্ষণের পরামর্শ দেন। এতে ওই মাংস থেকে অন্য খাবারে জীবাণু ছড়াবে না বলে জানান তিনি।
অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহিদুর রশীদ ভূইয়া দেশে গবাদিপশুর উৎপাদন বৃদ্ধির তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই খাতে তরুণ উদ্যোক্তারা উঠে আসছেন। শিক্ষিত ও সচ্ছল তরুণেরা এই খাতে বিনিয়োগ করছেন। তবে মাংস সঠিকভাবে প্রক্রিয়াজাত ও সংরক্ষণ না করলে তা মানব শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে সচেতনতা তৈরি এবং বিনিয়োগ বাড়াতে হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন উর রশীদের সঞ্চালনায় বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
দেশে গত ১ বছরে গরুর সংখ্যা ২ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার থেকে বেড়ে ২কোটি ৪৭ লাখ হয়েছে। ছাগলের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ থেকে বেড়ে ২ কোটি ৬৮ লাখ হয়েছে। তবে মহিষের সংখ্যা খুব একটা বাড়েনি। ১৫ লাখ থেকে মাত্র ৮ হাজার বেড়েছে। তবে ভেড়ার সংখ্যা প্রায় ৩৭ লাখ থেকে বেড়ে ৩৭ লাখ ৫০ হাজার হয়েছে।