সিদ্দিকবাজারে বিস্ফোরণ: রাস্তা দিয়ে যাওয়ার সময় মারা গেলেন বৃদ্ধা
আকুতি বেগমের সন্তান নেই। ৭০ বছর বয়সী আকুতি বেগম ভাতিজা-ভাতিজিদের দেখতে গাজীপুরের ভবানীপুর থেকে ঢাকার বংশালে এসেছিলেন। গুলিস্তানের গোলাপ শাহ মাজারের মোড়ে এসে গাজীপুরের বাসে ওঠার জন্য যাচ্ছিলেন। বংশালের পুকুরপাড় এলাকার ভাতিজির বাসা থেকে বের হয়ে সিদ্দিকবাজারে ভবনের সামনে এলে বিস্ফোরণে তিনি মারা যান।
আকুতি বেগমের স্বামী আনোয়ারুল ইসলাম প্রায় ২৫ বছর আগে মারা যান। ভবানীপুরে তাঁর নিজের বাড়ি আছে। তাঁরা পাঁচ ভাই ও দুই বোন ছিলেন। বোনের মধ্যে আকুতি ছিলেন বড়।
আকুতি বেগমের ভাতিজা মো. হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে দেখা করার জন্য ফুফু গাজীপুর থেকে এসেছিলেন। আমাদের সঙ্গে দেখা করেছেন। তাঁর ভাতিজির বাসা থেকে বের হয়ে গোলাপ শাহ মাজার মোড়ের দিকে দিচ্ছিলেন। যাওয়ার পথে বিস্ফোরণে তিনি মারা যান।’
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিতের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমনি শর্মা।
এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।