চিঠির কারণে বিএনপি ‘পুলকিত’: সংসদে তথ্যমন্ত্রীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন সদস্য এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যানের চিঠির কারণে বিএনপি ‘পুলকিত’ বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গ্রামে যখন বর্ষাকালে বৃষ্টি হয়, পুঁটি মাছ খুব লাফালাফি করে। আজকে বিএনপির লাফালাফি হচ্ছে বর্ষাকালে পুঁটি মাছের প্রথম লাফালাফির মতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলা দেখি আগের চেয়ে চড়া হয়ে গেছে। যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, চারদিক ডুবে যায়, তখন কোলাব্যাঙের আওয়াজ খুব বেড়ে যায়।’

হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ সদস্য চিঠি লিখেছেন তাঁদের আন্তর্জাতিক কমিটির চেয়ারের কাছে। সেখানে ৭০৫ জন সদস্য। তার মধ্যে পাঁচ সদস্য চিঠি লিখেছেন। এটা নিয়ে বিএনপির মধ্যে পুলকিত ভাব। এই চিঠির কোনো অর্থ নেই, মূল্য নেই। অন্য কোনো দেশ হলে পত্রিকায় এ চিঠি ছাপাত না।

উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য বাংলাদেশে যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সে জন্য ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলকে ১২ জুন একটি চিঠি লেখেন।

এদিকে, মঙ্গলবার সংসদে তথ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের ৪৩৫ জন কংগ্রেসম্যানের মধ্যে ৫ জন চিঠি লিখেছেন জো বাইডেনের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের সব সংখ্যালঘু সংগঠন এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এ চিঠি নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেছে, ‘চিঠি সম্পর্কে আমরা কিছু জানি না।’ এ চিঠি সম্পর্কে জো বাইডেনের দপ্তর হোয়াইট হাউস কিছু জানে না, বাংলাদেশের কয়েকটি পত্রিকা জানে আর জানেন বিএনপির মহাসচিব আর বিএনপির নেতারা। লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে একটা একটা চিঠি আনায়। সে চিঠি তাদের ইন্টারনাল (অভ্যন্তরীণ) চিঠি, তা এনে পুলকিত ভাব করে।

উল্লেখ্য, ৮ জুন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যান বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা চেয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লেখেন। যে ছয়জন কংগ্রসম্যান চিঠিটি লিখেছেন, তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির সদস্য। তাঁদের মধ্যে কংগ্রেস সদস্য উইলিয়াম আর কিটিং ১৩ জুন এক টুইটেও বিষয়টি জানিয়েছেন।

এর আগে মার্কিন কংগ্রেসের অপর ছয় সদস্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারেন, সে সুযোগ সৃষ্টির জন্য প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানান। ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা ওই চিঠি ২ জুন নিজের ওয়েবসাইটে প্রকাশ করেন।

‘অর্থমন্ত্রীর কোনো উত্তর পান না’

প্রতিবছর বাজেট পেশ করার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বিএনপি একই রকম বক্তব্য দেয় বলে সংসদে দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সিপিডি বাজেটের নানা ভুল ধরে। পাণ্ডিত্য দেখাতে ভুল ধরতে হয়। এটা তাদের পেশা। এটা করেই তারা বিদেশ থেকে টাকা পায়।

তথ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ৪৩৫ জন কংগ্রেসম্যানের মধ্যে ৫ জনের চিঠি নিয়ে উল্লসিত হওয়া বা মাথাব্যথার কিছু নেই। যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি করেছে, সেটা তারা করতে পারে। এটা নিয়েও চিন্তিত হওয়ার কিছু নেই।

বাজেট আলোচনায় অর্থমন্ত্রীকে উদ্দেশ করে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, তামাক নিয়ে তিনি প্রতিবছর বাজেটের সময় কথা বলেন। কিন্তু অর্থমন্ত্রীর কোনো উত্তর পান না। তিনি প্রশ্ন রাখেন, তামাকপণ্য যাঁরা তৈরি করেন, তাঁদের প্রতিবছর কেন বিশেষ সুবিধা দেওয়া হয়? তিনি বলেন, তামাকের ওপর কর আরোপ করতে চাইলে এমনভাবে করতে হবে যেন তার পুরোটাই সরকার পায়।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর দপ্তরে যাওয়ার জন্য সাবের হোসেন চৌধুরীকে ইশারা করেন। সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমাকে চায়ের দাওয়াত দেওয়ার দরকার নেই। এই সংসদে সবার সামনে এর ব্যাখ্যা দিন।’

বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের সমালোচনা করে সংসদ সদস্য আনোয়ারুল আজিম বলেন, ‘সেদিন অবাক হলাম একজনের কথা শুনে, জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা বলেছেন, বাংলাদেশ সবার অজান্তে শ্রীলঙ্কা হয়ে গেছে। বিরোধী দলের উপনেতা, কবে, কখন আমরা তো টের পেলাম না।’