প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তাঁর অফিস থেকে আপনারা জানতে পারবেন।’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনাও হচ্ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত রোববার জানিয়েছেন।

ভারত ২১ আগস্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করেছিল। আর নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে ঢাকা। বাংলাদেশ মনে করে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের হস্তান্তর এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে দেশটি। এখন এসব বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন