চট্টগ্রামের উড়ালসড়ক হবে মহিউদ্দিন চৌধুরীর নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইপিজেড এলাকায়
ফাইল ছবি

চট্টগ্রামে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়ালসড়ক) নামকরণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে করা হবে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৪৫৮তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত নির্মাণাধীন ১৬ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৯৮ কোটি টাকা। ২০২০ সালের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ বাড়িয়ে এখন আগামী বছরের জুন পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবারের সভায় আরও দুটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নেয় সিডিএ। এর মধ্যে নগরের বায়েজিদ বোস্তামী সড়ক থেকে ফৌজদারহাট পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ সড়কটি (লুপ সড়ক নামে পরিচিত) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এবং নির্মাণাধীন দেড় কিলোমিটার দীর্ঘ বাকলিয়া সংযোগ সড়কটি (চন্দনপুরা থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক পর্যন্ত) সাবেক সংসদ সদস্য জানে আলম দোভাষের নামে নামকরণ করা হবে। সড়ক দুটি নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে পাঁচ শ কোটি টাকা।

উড়ালসড়ক এবং দুটি সড়কের নতুন নামকরণের বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর বোর্ড সদস্য আশিক ইমরান। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের উন্নয়নে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনেক অবদান রয়েছে। তিনি তিনবারের মেয়র ছিলেন ও একজন বরেণ্য রাজনীতিবিদ। এসব বিবেচনা করে উড়ালসড়ক তাঁর নামে করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

আশিক ইমরান আরও বলেন, লুপ সড়কটি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে নামকরণের সিদ্ধান্ত হলেও এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন নিতে হবে। তিনি বলেন, বোর্ড সভায় সিদ্ধান্তের পর অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।

লুপ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৫৩ কোটি টাকা। নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও ২০১৯ সালের পর থেকে সড়কটিতে যান চলাচল শুরু হয়।  

অপর দিকে বাকলিয়া সংযোগ সড়কের নামকরণ করা হয়েছে সিডিএর বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের বাবা জানে আলম দোভাষের নামে। জানে আলম দোভাষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এ প্রসঙ্গে বোর্ড সদস্য আশিক ইমরান বলেন, জানে আলম দোভাষ বাকলিয়া এলাকার সংসদ সদস্য ছিলেন এবং সমাজের উন্নয়নে অনেক অবদান রেখেছিলেন। এ জন্য নতুন সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।