আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ার ১১ বছর পর মারা যান রূপালী ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা সরদার আবদুর রাজ্জাক। বেঁচে থাকতে চাকরিতে যোগ দিতে আবেদন করে বিফল হন তিনি। এরপর গত বছর আবদুর রাজ্জাকের বকেয়া বেতন ও মৃত্যু–পরবর্তী সব সুবিধা পেতে ব্যাংকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন তাঁর প্রতিবন্ধী ছেলে সরদার আসাদুজ্জামান। এতে প্রতিকার না পেয়ে আসাদুজ্জামান ও তাঁর দুই বোন উচ্চ আদালতের দ্বারস্থ হন।
এই তিন ভাইবোনের করা আবেদনটি (রিট) আজ সোমবার হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বকেয়া বেতন ও সুবিধাদি পেতে ব্যাংক কর্তৃপক্ষের কাছে আসাদুজ্জামানের করা আবেদনসহ এ-সংক্রান্ত দুটি আবেদন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট উপব্যবস্থাপককে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে কথা হয় আবদুর রাজ্জাকের ছেলে সরদার আসাদুজ্জামানের সঙ্গে। প্রতিবন্ধিতার কারণে তাঁর কথা কিছুটা জড়ানো। তিনি প্রথম আলোকে বলেন, ‘১৯৭৩-৭৪ সালের দিকে বাবা চাকরিতে যোগ দেন। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হওয়ার পর জীবিত অবস্থায় চাকরিতে যোগ দিতে ২০১০ সালে আবেদন করেছিলেন বাবা। কিন্তু বিফল হন। ২০১৪ সালে প্যারালাইসিস হওয়ার পর থেকে শয্যাশায়ী ছিলেন বাবা। ২০২১ সালের ১৫ আগস্ট মারা যান তিনি। বাবার বকেয়া বেতন ও মৃত্যু–পরবর্তী যাবতীয় পাওনা পেতে চাই।’ বোনদের পাঠানো খরচ দিয়ে জীবন চলছে বলে জানান খুলনা সিটি কলেজে স্নাতকপড়ুয়া এই প্রতিবন্ধী।
মামলার নথিপত্র থেকে জানা যায়, সরদার আবদুর রাজ্জাক সাতক্ষীরার বড়দল শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় নয় লাখ টাকা আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্জাকসহ তিনজনের বিরুদ্ধে ২০০২ সালের ১৩ জুলাই আশাশুনি থানায় মামলা করা হয়। ওই মামলায় রাজ্জাকের বিরুদ্ধে ১ লাখ ৫৮ হাজার টাকা অনিয়মের অভিযোগ আনা হয়। এর এক মাস আগেই ২ জুন তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর তাঁকে বরখাস্ত করা হয়। আর্থিক অনিয়মের অভিযোগে করা মামলায় ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর রায় দেন খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালত। রায়ে আবদুর রাজ্জাককে খালাস দেন আদালত। অন্য দুজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
নথিপত্রে দেখা যায়, খালাসের রায়ের পর ২০১০ সালের ১৮ অক্টোবর রূপালী ব্যাংকের চেয়ারম্যান বরাবর তিনি চাকরিতে যোগ দিতে আবেদন করেন। তবে তিনি সেই সুযোগ পাননি। ২০২১ সালের ১৫ আগস্ট মারা যান তিনি। আবদুর রাজ্জাকের বরখাস্তের শাস্তি মওকুফ করে তাঁর বকেয়া বেতন–ভাতাদি ও মরণোত্তর পাওনা পেতে গত বছরের ৬ নভেম্বর রূপালী ব্যাংকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন তাঁর ছেলে সরদার আসাদুজ্জামান।
অন্যদিকে রূপালী ব্যাংকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক (আঞ্চলিক ব্যবস্থাপক) বরাবর একই দিন চিঠি পাঠান খুলনার গড়াইখালী হাট শাখার ব্যবস্থাপক। এতে উল্লেখ করা হয়, আবদুর রাজ্জাকের পিএফের বিপরীতে নেওয়া ঋণের জন্য স্থিতি (ব্যাংকের পাওনা) ৩ লাখ ৫৩ হাজার ৯৭৩ টাকা। সর্বশেষ আবদুর রাজ্জাক ওই শাখায় কর্মরত ছিলেন।
এ অবস্থায় রূপালী ব্যাংকের চেয়ারম্যান বরাবর করা আবেদন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে আসাদুজ্জামান ও তাঁর দুই বোন চলতি বছরের মার্চে রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কাজল রশীদ বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
আইনজীবী মো. কাজল রশীদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ৬ নভেম্বর আসাদুজ্জামানের করা আবেদনটি নিষ্পত্তি করতে রূপালী ব্যাংকের চেয়ারম্যানকে এবং গড়াইখালী হাট শাখার ব্যবস্থাপকের করা আবেদনটি খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপককে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবদুর রাজ্জাককে খালাস দিয়ে দেওয়া বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে কি না, তা তাঁর জানা নেই।
আসাদুজ্জামান বহুমাত্রিক প্রতিবন্ধী উল্লেখ করে কাজল রশীদ বিশ্বাস বলেন, তাঁর চলাফেরা করতে কষ্ট হয়, দেখার তেমন কেউ নেই। বোনদের দেওয়া খরচ দিয়েই চলছে তাঁর জীবন।
মামলার শুনানি থাকায় খুলনা থেকে বাসে করে গতকাল দিবাগত রাত দুইটায় ঢাকায় পৌঁছেছেন বলে জানান সরদার আসাদুজ্জামান। তিনি জানান, ২০০৬ সালে তাঁর মা মারা যান। দুই বোনের বিয়ে হয়ে গেছে। বাবা প্যারালাইসিস হয়ে প্রায় সাত বছর শয্যাশায়ী ছিলেন। বাবার দেখাশোনা তিনি নিজেই করেছেন। তাই আইনি প্রক্রিয়া শুরু করতে কিছুটা দেরি হয়। আইনি লড়াই জয় পাবেন বলে বিশ্বাস তাঁর।