যাঁরা মিথ্যা মামলা করবেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা উচিত: অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন সরকারের প্রধান আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। মিথ্যা মামলা, ভুল তদন্ত, বিচারে বিলম্বসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন

প্রশ্ন :

প্রথম আলো: ভুল তদন্তের কারণে নিরীহ ব্যক্তিদের কারাভোগের ঘটনা অহরহ ঘটছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ব্যবস্থাপনার মধ্যেও নিরীহ ব্যক্তিদের এ রকম ভোগান্তি ও হয়রানির ঘটনা কীভাবে ঘটতে পারছে?

এ এম আমিন উদ্দিন: তদন্তকারী সংস্থা বছরে অনেক মামলার তদন্ত করে। এত মামলার তদন্ত করতে গিয়ে একটি-দুটি মামলার তদন্তে যদি ভুল হয়ে থাকে, সেটা হতে পারে। সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। হ্যাঁ, যদি এই ভুল অনিচ্ছাকৃত হয়, যদি ভুলের কারণে কারও জীবনের সময়টা নষ্ট হয়, সেই ক্ষেত্রে আদালত বিচার করবেন। আদালত যদি মনে করেন এই ভুলের কারণে তদন্তকারী কর্মকর্তার গাফিলতি আছে, সেটা যদি প্রমাণিত হয়, তখন আদালত তাঁকে অর্থদণ্ড দিতে পারেন, তাঁর ওপর জরিমানা আরোপ করতে পারেন। বাংলাদেশে যে হারে একজন তদন্ত কর্মকর্তা তদন্ত করেন, যে–সংখ্যক মামলা তদন্ত করেন, সেখানে একটি ভুল হয়, সে বিষয়টি এত বড় করে দেখা আমাদের ঠিক হবে না। মানবিক ভুল হিসেবে এটাকে নিতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: মামলা রুজুর পর তদন্ত সংস্থা একজনকে তদন্তের দায়িত্ব দেয়, আর তদন্ত তদারকি কর্মকর্তাকে নিযুক্ত করে তদন্ত তদারকির কাজে। এ ধরনের হয়রানির পেছনে কি উভয়েই সমানভাবে দায়ী?

এ এম আমিন উদ্দিন: এটা যদি এমন হতো, একজন তদন্ত করছেন, আরেকজন পেছনে বসে তদারকি করছেন, তা কিন্তু নয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবকিছু বিচার করতে হবে। বাংলাদেশে একজন তদন্ত কর্মকর্তা একই সঙ্গে অনেকগুলো মামলা তদন্ত করেন। একজন তদন্ত কর্মকর্তার হাতে অনেকগুলো মামলা থাকে। একজন তদন্ত কর্মকর্তাকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিতে হয়। সেই ক্ষেত্রে একজন তদন্ত কর্মকর্তা যে তথ্য সংগ্রহ করেন, তথ্য যিনি দিচ্ছেন (তথ্য প্রদানকারী), তিনি অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করেন, এসব কারণে ভুল হতে পারে। একজন তদন্তকারী কর্মকর্তাকে যিনি সুপারভাইজ (তদন্ত তদারক কর্মকর্তা) করেন, তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করার পরও যদি ভুল হয়ে থাকে, তাহলে তো আর কিছু করার নেই। তবে কাজ করতে গিয়ে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তদন্ত করেন, তাহলে তখন তার দায় থাকে।

প্রশ্ন :

প্রথম আলো: তদন্ত সংস্থাগুলো ফৌজদারি কার্যবিধিসহ অনুসরণ করে তদন্ত করলে এমন ভুল হওয়ার আশঙ্কা থাকে কি না?

এ এম আমিন উদ্দিন: তদন্ত কর্মকর্তাদের কাজের চাপটা চিন্তা করতে হবে। আগে তদন্ত কর্মকর্তাদের কাজের পরিমাণটা চিন্তা করেন, সেটা বিবেচনা করেন। পর্যাপ্ত সময় হাতে নিয়ে তদন্ত করে যদি কেউ ভুল করেন, সেই ক্ষেত্রে তাঁদের ডেফিনেটলি দোষ হবে। একজন তদন্ত কর্মকর্তাকে দিনের ভেতর ১৬, ১৭ ঘণ্টা কাজ করতে হয়। সেই ক্ষেত্রে যদি তাঁর ছোটখাটো ভুল হয়, তাহলে সেটা দেখতে হবে মানবিক হিসেবে। যদি দেখা যায়, ভুলটা যদি ইচ্ছাকৃত হয়, গাফিলতির কারণে হয়, তাহলে আদালত তাঁকে জরিমানা করতে পারেন।

প্রশ্ন :

প্রথম আলো: আসামিপক্ষ যখন বলেন, তিনি ভুল তদন্তের শিকার, তখন আদালত এবং রাষ্ট্রপক্ষে নিযুক্ত সরকারি কৌঁসুলি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিলে কি নিরীহ মানুষের হয়রানি কম হতো?

এ এম আমিন উদ্দিন: সরকারি কৌঁসুলিরা কী করবেন? তাঁরা কী জানেন, ওই লোক সেই লোক না। তাঁরা তো কোর্টেই যাননি। অধিকাংশ ক্ষেত্রে তাঁরা বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে হাইকোর্টে আসেন। কেউ চান না, বিনা কারণে জেল খাটতে। যদি নিম্ন আদালতে যেতে হয়, তাহলে তাঁকে আত্মসমর্পণ করতে হয়, কথা বলতে হয়। সুপ্রিম কোর্ট তখন তদন্ত করে পরবর্তী সময় আদেশ দেন। তবে আমি মনে করি, সবাইকে মনোযোগী হতে হবে। নিরপরাধ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন। সাজার সম্মুখীন না হন।

প্রশ্ন :

প্রথম আলো: জীবিত মানুষকে মৃত দেখিয়ে হত্যা মামলা করা এবং এসব মামলার আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার ঘটনাও ঘটেছে। এটি গাফিলতি নাকি ইচ্ছাকৃত অপরাধ?

এ এম আমিন উদ্দিন: এটা আমাদের সমাজের অবক্ষয়। যিনি এজাহার করেন, তাঁর দায়িত্ব। তিনি জানেন, তাঁর এই আত্মীয় মারা যাননি। তারপরও যদি মিথ্যা এফআইআর দায়ের করেন, সেভাবে সাক্ষী রেডি করেন, তখন তদন্ত কর্মকর্তা বিভ্রান্ত হন। যাঁরা এভাবে মিথ্যা মামলা করেন, যাঁরা মামলার বাদী, তাঁদের বিরুদ্ধে মামলা করা উচিত। হাইকোর্ট কিন্তু দুটি ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন। মিথ্যা মামলা করলে অবশ্যই মামলা করা উচিত। যাঁরা মিথ্যা মামলা করে অন্যদের হয়রানি করেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: ভুল তদন্তের ঘটনাগুলো কীভাবে কমানো সম্ভব?

এ এম আমিন উদ্দিন: ভুল তদন্তের ঘটনা অহরহ ঘটে না। কদাচিৎ ভুল তদন্তের ঘটনায় ঘটে। একটি–দুটি ভুল যদি হয়, সে ক্ষেত্রে ভুলটা যদি ইচ্ছাকৃত হয়, কারও গাফিলতির কারণে হয়, এর জন্য যিনি দায়ী, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে ব্যক্তি তদন্তের দায়িত্বে থাকবেন, তিনি যদি গাফিলতি করেন কিংবা ইচ্ছাকৃত ভুল করেন, তাহলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আদালত যদি মনে করেন তাঁর জন্য অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আদালত যথাযথ ক্ষতিপূরণের আদেশ দেবেন।

প্রশ্ন :

প্রথম আলো: বিচারে দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ ক্ষেত্রে কী করণীয়?

এ এম আমিন উদ্দিন: যিনি বিচার চেয়ে আদালতে মামলা করেন, তাঁকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। তাঁকে যথাযথ সময়ে আদালতে সাক্ষ্য দিতে আসতে হবে। সাক্ষী যদি আদালতে না আসেন, তাহলে তো বিচার শেষ হতে দেরি হবেই। তদন্তকারী সংস্থার যেমন দায়িত্ব আছে সাক্ষী আদালতে নিয়ে আসা। সাক্ষীরও কর্তব্য আদালতকে বিচারকাজে সহযোগিতা করা। প্রত্যেকে যদি যাঁর যাঁর দায়িত্ব পালন করেন, তাহলে কিন্তু মামলার বিচারে দীর্ঘসূত্রতার হাত থেকে আমরা বেঁচে যাব। আর যাঁরা মামলার বাদী, তাঁরা যদি নিজেরা আপস করে ফেলেন, আদালতে সাক্ষ্য দিতে না যান, তাহলে তো আদালতের কিছুই করার নেই।

প্রশ্ন :

প্রথম আলো: ন্যায়বিচার নিশ্চিতে সরকারি কৌঁসুলিদের (পিপি) ভূমিকা অপরিসীম। তবে পিপিদের পারিশ্রমিক অনেক কম। এ ক্ষেত্রে কী করণীয়?

এ এম আমিন উদ্দিন: সরকারই ঠিক করে সরকারি কৌঁসুলিদের বেতন। এটা বুঝতে হবে, সরকারের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে অনেক কিছু। সরকারের আর্থিক সক্ষমতা তো থাকতে হবে। তবে আমি বিশ্বাস করি, একটা মানুষকে যদি কাজ করাতে হয়, তাহলে তাঁকে যথাযথ সম্মানীটা দিতে হবে। একই সঙ্গে আমি এটাও বলব যে যাঁরা সরকারি কৌঁসুলির দায়িত্বে আসবেন, তাঁদের কিন্তু মানুষকে সহযোগিতা করার মনোভাব নিয়ে আসতে হবে। তাঁদের সেবার মনোভাব থাকতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো : আপনাকে ধন্যবাদ।

এ এম আমিন উদ্দিন : আপনাকেও ধন্যবাদ।