মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
সংকটের সময়ে রেশনের আবদার কর্মকর্তাদের
রেশন, ঝুঁকি ভাতা চায় অধিদপ্তর। চলমান আর্থিক সংকটে এসব সুবিধা চাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
রেশন সুবিধা চান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তারা। চাল, ডাল, আটা, তেল ও চিনি—এই পাঁচ পণ্য কম মূল্যে পাওয়ার প্রস্তাব করেছেন তাঁরা। এ ছাড়া অভিযানে যাওয়া কর্মকর্তা–কর্মচারীদের জন্য ঝুঁকি ভাতা বরাদ্দের আবদার করা হয়েছে।
চলমান অর্থনৈতিক সংকটে সরকারের পক্ষ থেকে বারবার ব্যয় কমানোর কথা বলা হচ্ছে। এ অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের এমন প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এর বাস্তবায়ন সম্ভব নয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ২০২০ সালের মার্চ থেকে রেশন সুবিধা পেয়ে আসছেন। চার সদস্যের একটি পরিবার এক টাকা ৯ পয়সা দরে মাসে ৩৫ কেজি চাল, এক টাকা চার পয়সা দরে ৩০ কেজি আটা, তিন টাকা ২১ পয়সা দরে ৫ কেজি চিনি ও এক টাকা ২০ পয়সা দরে ৮ কেজি মসুর ডাল পাচ্ছেন। এ ছাড়া ২ টাকা ৩০ পয়সা দরে ৮ লিটার সয়াবিন তেল পাচ্ছেন।
অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখন এই সুবিধা চান। অধিদপ্তরে ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত অনুমোদিত পদসংখ্যা ৩০৮। বর্তমানে কর্মরত আছেন ১৯৭ জন। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন জানান, চার সদস্যের পরিবার ধরে এই কর্মকর্তাদের রেশন সুবিধা দেওয়া হলে বছরে বাড়তি খরচ হবে ৫০ লাখ টাকার মতো। ঝুঁকি ভাতার বিষয়টি সরকার কতটা কী দেবে, তার ওপর নির্ভর করবে বলে জানান তিনি।
নতুন করে যেসব সংস্থা সরকারের কাছে সুযোগ-সুবিধা চাইবে, সেটা কতটা প্রয়োজন ও যৌক্তিক, তা মূল্যায়ন করা উচিত। একই সঙ্গে এখন যাঁরা এসব সুবিধা পাচ্ছেন, তারও পুনর্মূল্যায়ন হওয়া উচিত।খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি
অধিদপ্তরের পক্ষ থেকে গত বছর এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তারা যুক্তি দেখিয়েছে, মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে তাঁদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। প্রস্তাবটি পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (মাদক অনুবিভাগ) ইসরাত চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশে অর্থনৈতিক সংকট চলছে। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য রেশন ও ঝুঁকি ভাতা দেওয়া সম্ভব নয়। অর্থ মন্ত্রণালয় থেকেও প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে।
গত ১৮ জানুয়ারি সচিবালয়ে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় রেশন ও ঝুঁকি ভাতার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ ছাড়া অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্র ও ডগ স্কোয়াড দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সভার কার্যবিবরণী বলছে, এর একটির বিষয়েও ইতিবাচক সাড়া মেলেনি।
অধিদপ্তরে যাঁরা ঝুঁকি নিয়ে কাজ করেন, শুধু তাঁদের জন্য ঝুঁকি ভাতার প্রস্তাব করা হয়েছে বলে জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আজিজুল ইসলাম।
জানা গেছে, অধিদপ্তরের জন্য আগ্নেয়াস্ত্র কতটা প্রয়োজন, তা নিয়ে সভায় কেউ কেউ মতামত দেন। পরে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। অধিদপ্তরের জন্য প্রশিক্ষিত কুকুর কতটা প্রয়োজন, তা-ও খতিয়ে দেখবে ওই কমিটি।
জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, চলমান অর্থনৈতিক সংকটের কারণে সরকার যেখানে খরচ কমাচ্ছে, সেখানে নতুন এসব প্রস্তাব সরকারের ব্যয়ের ভার আরও বাড়াবে। তিনি বলেন, নতুন করে যেসব সংস্থা সরকারের কাছে সুযোগ-সুবিধা চাইবে, সেটা কতটা প্রয়োজন ও যৌক্তিক, তা মূল্যায়ন করা উচিত। একই সঙ্গে এখন যাঁরা এসব সুবিধা পাচ্ছেন, তারও পুনর্মূল্যায়ন হওয়া উচিত।