যাত্রাবাড়ীতে লেগুনাচালককে মারধর, রাতে হাসপাতালে মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুর এ আলম (৩৫) নামের এক লেগুনাচালককে শুক্রবার দুপুরে মারধর করে আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সেখানে আমাদের অফিসার পাঠানো হয়েছে।’
ওসি মোহাম্মদ রাজু আরও বলেন, ‘যতটুকু শুনেছি, যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টসের সামনে শুক্রবার দুপুরে পূর্বশত্রুতার জেরে তাঁকে (নুর এ আলম) মারধর করা হয়। সম্প্রতি অন্য লেগুনাচালক ও শ্রমিকদের সঙ্গে তাঁর ঝগড়াঝাঁটি হয়েছিল।’
হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।