পবিত্র ঈদুল আজহার ছুটিতে ২৫ মে থেকে ৩১ মে সাত দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭৯ জনের। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার সড়কে এই প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
নিহত ব্যক্তিদের মধ্যে কেউ ঈদের ছুটিতে পরিবারের কাছে যাচ্ছিলেন। কেউ মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। বাস–ট্রাক উল্টে কারও মৃত্যু হয়েছে। মোট ৩২টি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ১৩৫ জন। গতকাল এক দিনেই মৃত্যু হয়েছে ১২ জনের। আহত হয়েছেন অন্তত ৭৮ জন।
মোট ৩০টি দুর্ঘটনার মধ্যে ১৫টিই ছিল মোটরসাইকেলের। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২ জন, যা মোট প্রাণহানির ৪০ দশমিক ৫০ শতাংশ।
ঈদ ঘিরে লাখো মানুষের বাড়ি ফেরা, অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, মহাসড়কে মোটরসাইকেলের বাড়তি চলাচল এবং বছরব্যাপী সড়কে অব্যবস্থাপনা দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ছুটির শেষ দিনে
ছুটির শেষ দিন গতকাল দেশের একাধিক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন এক মা ও তাঁর দুই মেয়ে। সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। দিনাজপুরের নবাবগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে এক তরুণী নিহত হন।
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস ও সেনা সদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩২ জন আহত হন। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস খাদে পড়ে এক নারী নিহত ও অন্তত ১০ জন আহত হন। চাঁদপুরের হাজীগঞ্জে দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে এক নাইটগার্ড নিহত হন। একই জেলার ফরিদগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর প্রাণ হারায়।
এদিকে ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হন। যদিও এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বগুড়ার শেরপুরে মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন সাইকেলচালক আলহাজ উদ্দিন। বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুর এলাকায় পদচারী–সেতুর পূর্ব পাশে সার্ভিস লেনে গতকাল দুপুরে ওই দুর্ঘটনা ঘটে।
সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে ধাক্কায় ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। গতকাল সকালে ওসমানীনগরের তাজপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
সেফটি এমন নয় যে সারা বছর আপনি সড়কে উচ্ছৃখলতা, বিশৃঙ্খলা রাখবেন আর ঈদের সময় হুঁশিয়ারি দেবেন, রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এ রকম নয়। এটা একটা চর্চার বিষয়।মো. হাদিউজ্জামান, সাবেক পরিচালক, অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট
ঈদযাত্রার শুরুতেই প্রাণ হারান ১৫ শ্রমিক
ঈদযাত্রার শুরুতেই ২৫ মে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ শ্রমিক নিহত হন। ছুটির সময়ে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। একই দিন বগুড়ার শাজাহানপুরে গ্রামের বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্র্যাকের এক কর্মী ও তাঁর চার বছরের মেয়ে নিহত হন। নওগাঁর পত্নীতলায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজনের মৃত্যু হয়।
২৬ মে কিশোরগঞ্জের মিঠামইনে চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হন। একই দিনে বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
২৭ মে রাজধানীর নদ্দা নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস সড়ক বিভাজক ভেঙে আরেকটি বাসে ধাক্কা দিলে ৪ জন নিহত ও ১০ জন আহত হন। একই রাতে ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত এবং দুই আরোহী আহত হন।
ঈদের দিনে ১৮ মৃত্যু
ঈদের দিন ২৮ মে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। ১৮ জনের মৃত্যুর পাশাপাশি এদিন আহত হন আরও ৩০ জন।
ঈদের দিন গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়। নরসিংদীর শিবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়।
পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুই কিশোর নিহত হয়। বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণের মৃত্যু এবং চারজন আহত হন। টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী
নিহত হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে চারজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।
২৯ মে ঝিনাইদহ শহরে ট্রাফিক পুলিশের তল্লাশিচৌকি দেখে পালাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। একই দিন বগুড়ার কাহালুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
৩০ মে ময়মনসিংহ সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে বাবা ও তাঁর শিশুপুত্র নিহত হন। নরসিংদীর শিবপুরে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। এ ছাড়া আগের দিন মাধবদীতে বাসচাপায় নিহত হন এক মোটরসাইকেল আরোহী।
একই দিনে ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে এক তরুণ নিহত হন। চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছে ধাক্কা দিলে দুই বন্ধু প্রাণ হারান।
দীর্ঘমেয়াদি ‘সেফটি কালচারে’ জোর
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল ঈদকেন্দ্রিক তোড়জোড় না করে দীর্ঘমেয়াদি ‘সেফটি কালচার’ বা নিরাপত্তাকে অভ্যাসে পরিণত করার ওপর জোর দিয়েছেন পরিবহনবিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান। তিনি মনে করেন, পুরো বছর সড়কে বিশৃঙ্খলা জিইয়ে রেখে ঈদের সময়ে সেটি পরিবর্তন করা সম্ভব নয়।
মো. হাদিউজ্জামান বলেন, সেফটি এমন নয় যে সারা বছর আপনি সড়কে উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলা রাখবেন আর ঈদের সময় হুঁশিয়ারি দেবেন, রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে— বিষয়টা এ রকম না। এটা একটা চর্চার বিষয়।
ঈদের সময় গণপরিবহন সংকট ও ভাড়া নৈরাজ্যের কারণে মানুষ বাধ্য হয়ে বিকল্প হিসেবে মোটরসাইকেলকে বেছে নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, চালকদের পূর্ব–অভিজ্ঞতা না থাকা, বেপরোয়া গতিতে চালানো এবং ঈদের পরে প্রশাসনের নজরদারি শিথিল হওয়ার কারণে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
সড়কের ওপর থেকে চাপ কমাতে এবং মানুষের ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রেলের সক্ষমতা বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন মো. হাদিউজ্জামান।