নদীতে নৌকায় চলে পড়ালেখা
কিশোরগঞ্জের নিকলী উপজেলার স্নিগ্ধ-শ্যামল গোড়াদিঘা গ্রাম। পাশ দিয়ে বয়ে চলেছে ঘোড়াউত্রা নদী। মধ্যদুপুরে ঘোড়াউত্রার তীরে নোঙর করা রয়েছে বড়সড় একটি নৌকা। সেটার আশপাশে আরও কয়েকটি ছোট নৌকা ভাসছে। কাঠের তৈরি ছোট সিঁড়ি বেয়ে নৌকায় উঠতে হয়। ছাউনি দেওয়া বড় নৌকায় উঠতেই পাশে জুতা–স্যান্ডেল রাখার একটা র্যাক চোখে পড়ল। সেখানে শিশুদের স্যান্ডেল রাখা। দুই পা ফেলে ভেতরে ঢুকতেই দেখা গেল, সারি সারি বেঞ্চ পাতা রয়েছে। শিশুরা বসে রয়েছে। পড়াশোনা করছে। শিক্ষক পড়াচ্ছেন।
এটা আসলে একটি ভাসমান বিদ্যালয়। প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চলে এখানে। বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) ২০০৯ সাল থেকে ঘোড়াউত্রার তীরে ভাসমান এ বিদ্যালয় পরিচালনা করছে।
গত ১৯ সেপ্টেম্বর গোড়াদিঘায় গিয়ে ভাসমান এ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়। ওই সময় পঞ্চম শ্রেণির পাঠদান চলছিল। পঞ্চম শ্রেণিতে মোট ৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ২৪ জন মেয়ে, ১৬ জন ছেলে।
ভাসমান এ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে ফাতেমা আক্তার। নিজের ক্লাসে মনোযোগী শিক্ষার্থী হিসেবে পরিচিত সে। ইংরেজি বই থেকে গড়গড় করে পড়ে শোনাল ফাতেমা। জানাল, বছর দুয়েক ধরে এ বিদ্যালয়ে পড়ছে। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। তাই পড়াশোনা চালিয়ে যেতে চায়।
শুরুতে প্রথম শ্রেণি থেকে শিক্ষার্থী নেওয়া হতো। পরে প্রাক-প্রাথমিক শ্রেণিও যোগ করা হয়েছে। এ ছাড়া ভাসমান বিদ্যালয়ে বিকেলে ১৫০ জনের ৫টি কিশোর-কিশোরী দলের বৈঠক পরিচালনা হয়, যারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত।
এখানকার বেশির ভাগ শিক্ষার্থী শ্রমজীবী পরিবারের সন্তান। বর্ষায় হাওরে মাছ ধরে আর শীত মৌসুমে কৃষিকাজ কিংবা ইটভাটায় শ্রমিকের কাজ করে এসব শ্রমজীবীর সংসার টেনেটুনে চলে যায়। এমনই একটি অভাবী সংসারের সন্তান আবদুর রহমান। চার ভাই আর এক বোনের মধ্যে সবার ছোট সে। বাবা মানিক মিয়া জেলে আর মা দোলেনা বেগম গৃহিণী। ফাতেমার মতো সেও চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পড়তে এসেছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করছে।
পাশেই ছিল মোসাম্মৎ তরিকা। কাছে ডেকে কথা বলতেই জানাল, দুই ভাই আর দুই বোনের মধ্যে সবার ছোট সে। বাবা সায়েদ আলী আগে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। একটি দোকান চালাতেন। তাই তরিকা আর ওর এক ভাই ঢাকায় একটি বিদ্যালয়ে পড়ত। পরে করোনা মহামারির সময় পরিবারের সঙ্গে গ্রামে চলে আসতে হয়েছে। বাবা এ ভাসমান বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন। তখন থেকে এখানেই পড়ছে সে।
ভাসমান বিদ্যালয় চালুর প্রধান লক্ষ্য হাওর এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এসব এলাকা বছরে প্রায় ছয় মাস পানিতে ডুবে থাকে। ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিয়ে ভাসমান বিদ্যালয় স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বই, খাতা, ইউনিফর্ম, পাঠদানের বিরতিতে খাবার বিনা মূল্যে দেওয়া হয়।
কথা হলো বিদ্যালয়টির শিক্ষক পাখিমা আক্তার ও সোহেল রানার সঙ্গে। জানালেন, সকাল সাড়ে আটটায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। শিক্ষার্থীরা শ্রমজীবী-অভাবী পরিবারের সন্তান। তাই বাড়ি ফিরে পড়ার সুযোগ নেই। পড়া দেখিয়ে দেওয়ারও কেউ নেই। এ কারণে বিদ্যালয়েই তাঁদের পড়ানো হয়। বাড়িতে গিয়ে পড়ার জন্য বাড়তি চাপ দেওয়া হয় না।
তবে একটি চ্যালেঞ্জ রয়েছে। গোড়াদিঘায় কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। এ কারণে ভাসমান বিদ্যালয়ের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির পর বেশ সমস্যায় পড়ে। অন্য গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে যেতে হয় এসব শিশুকে।
চলছে সাতটি ভাসমান বিদ্যালয়
পপির দেওয়া তথ্য অনুযায়ী, নিকলীতে ২০০৯ সালে নিজস্ব অর্থায়নে একটি ভাসমান প্রাথমিক বিদ্যালয় চালু করে পপি। এখন উপজেলার ছাতিরচর ইউনিয়নে চারটি ও সিংপুর ইউনিয়নে তিনটি ভাসমান বিদ্যালয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে পাঁচটি বিদ্যালয় পরিচালনায় যুক্তরাজ্যের দাতব্য সংস্থা লার্নিং ফর লাইফ সহযোগিতা করছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৩০। এর মধ্যে ১৬৭ জন মেয়ে ও ১৬৩ জন ছেলে।
পপির ভাসমান বিদ্যালয়ের প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুরুতে প্রথম শ্রেণি থেকে শিক্ষার্থী নেওয়া হতো। পরে প্রাক্-প্রাথমিক শ্রেণিও যোগ করা হয়েছে। গোড়াদিঘার ভাসমান বিদ্যালয়ে প্রভাতি শাখায় চতুর্থ শ্রেণি ও দিবা শাখায় পঞ্চম শ্রেণির পাঠদান চলে। দুই শ্রেণিতে শিক্ষার্থী ৪০ জন করে। এ ছাড়া ভাসমান বিদ্যালয়ে বিকেলে ১৫০ জনের ৫টি কিশোর-কিশোরী দলের বৈঠক পরিচালনা হয়, যারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত।
ভাসমান বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর অনেক শিক্ষার্থী অন্য গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে যায়। অনেকে ঝরে পড়ে। অনেকের শিক্ষাজীবন পঞ্চম শ্রেণির আগেই থেমে যায়। শিক্ষকেরা নানা চেষ্টার পর কাউকে ফেরাতে পারেন, কাউকে পারেন না।
পঞ্চম শ্রেণির ক্লাসরুমে দেখা মিলল শাপলা আক্তারের। সহপাঠীদের চেয়ে বয়সে কিছুটা বড় সে। জানাল, সে আগেও এ ভাসমান বিদ্যালয় পড়ত। মাঝে পড়াশোনা বন্ধ হয়ে যায়। বছর দুয়েক আগে মা–বাবা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ইটভাটার কাজে চলে যান। সঙ্গে নিয়ে যায় শাপলাকেও। মাসখানেক আগে আবার গ্রামে ফিরেছে। এখন ভাসমান বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। পঞ্চম শ্রেণিতে পড়ছে।
রয়েছে সীমাবদ্ধতা
পপির নির্বাহী পরিচালক মোরশেদ আলম সরকার প্রথম আলোকে বলেন, ভাসমান বিদ্যালয় চালুর প্রধান লক্ষ্য হাওর এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এসব এলাকা বছরে প্রায় ছয় মাস পানিতে ডুবে থাকে। ভৌগোলিক অবস্থা বিবেচনায় নিয়ে ভাসমান বিদ্যালয় স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বই, খাতা, ইউনিফর্ম, পাঠদানের বিরতিতে খাবার বিনা মূল্যে দেওয়া হয়।
মোরশেদ আলম সরকার আরও বলেন, একসঙ্গে বেশিসংখ্যক শিশুকে ভর্তি করানোর সুযোগ নেই। সীমিত অর্থ এবং জনবলঘাটতির কারণে খুব বড় পরিসরে বিদ্যালয় পরিচালনা করা যায় না। যত শিশু ভর্তি হতে চায়, তত নেওয়া যাচ্ছে না। স্থান ও নৌকাসংকট রয়েছে। সরকার চাইলে এমন বিদ্যালয় করার উদ্যোগ নিতে পারে।
এসব বিষয়ে কথা হয় নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা পারভীনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় নেই। সরকার সেখানে বিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে। তবে যত দিন বিদ্যালয় না হয়, তত দিন সেখানে একটি ভাসমান বিদ্যালয় পরিচালনা করার জন্য পপিকে বলা হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী বছরের শুরু থেকে সেখানে একটি ভাসমান বিদ্যালয় পরিচালনা করবে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ।