টঙ্গীতে দুই ঘণ্টার আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

টঙ্গী বাজার এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবারছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গী বাজার এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মা সফুরউন নেছা মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। দিবাগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহীন আলম বলেন, মার্কেটটিতে দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়ামসহ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।