জিয়াউলের হাতে হাতকড়া না থাকায় সংসদে ক্ষোভ, আইনমন্ত্রী বললেন পুনরাবৃত্তি হবে না

সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানফাইল ছবি: সংসদ টিভির ভিডিও থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করার সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি প্রশ্ন রেখেছেন, জিয়াউল আহসানকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না?

আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি নিয়ে বক্তব্য দেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।

তাহসিনা রুশদীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসানকে আদালতে হাজির করার সময়ের একটি ভিডিওর কথা তুলে ধরে সংসদে বক্তব্য দেন তাহসিনা রুশদীর। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার যখন তাকে (জিয়াউল আহসান) জেরা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে যে তিনি এমনভাবে তাঁর অঙ্গভঙ্গি এবং তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ...যেটাতে মনে হচ্ছিল, তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন। পুলিশ যারা ছিল তারা মনে হচ্ছিল তার প্রটোকল হিসাবে যাচ্ছে।’

এই ঘটনায় মর্মাহত হয়েছেন উল্লেখ করে তাহসিন রুশদীর বলেন, ‘এ রকম একজন অপরাধীকে, যার হাতকড়া পরা থাকার কথা, যে হাতকড়া পরতে সে অস্বীকৃতি জানিয়েছে। হাতকড়া না পরিয়ে, ডান্ডাবেড়ি না পরিয়ে তাকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে!’

আইনমন্ত্রীর কাছে এই বিষয়ে ব্যাখ্যা দাবি করে তাহসিনা রুশদির বলেন, ‘আমার মতো বহু পরিবার এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আতঙ্কিত। তাকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না? তার প্রতি কি কোনো মানবিকতা দেখাচ্ছে সরকার?’

আরও পড়ুন

তাহসিনা রুশদীরের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাঁরও দৃষ্টিতে এসেছে। আসামিকে কারাগার থেকে আদালত পর্যন্ত পৌঁছানো আইনমন্ত্রীর আওতাধীন নয়। তবু এটা দৃষ্টিগোচর হওয়ার পর জিয়াকে ফেরত নেওয়ার সময় একজন ‘নটরিয়াস ক্রিমিনালকে’ যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘এর পর থেকে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি।’

সরকার মানবতাবিরোধী অপরাধে কোনো ফরমায়েশি রায় চায় না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়…আমরা যেমন চাই না, একই সঙ্গে মামলায় এই আসামির ক্ষেত্রসহ আইসিটি ট্রাইব্যুনালে যাদেরকে হাজির করা হচ্ছে তাদের বিরুদ্ধে যত রকম সাক্ষ্য প্রমাণ আছে, সমস্ত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করছি। যাতে সাক্ষ্যপ্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে গেলে এ ধরনের আসামির সাজা হবে। সে রকম একটি ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে আমরা এগিয়ে চলেছি। তারও সে রকম একটি সাজার প্রত্যাশা আমরা করছি। সেটা নিশ্চিত করার জন্য আদালতের সামনে সাক্ষ্যপ্রমাণ নথিপত্র উপস্থাপন করছি।’

আরও পড়ুন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, গত ১৬-১৭ বছরে দেশে যত গুম-খুন হয়েছে, গায়েবি মামলা হয়েছে; গণ-অভ্যুত্থানে যত মানুষ মারা গেছেন, অঙ্গহানি হয়েছে—এর প্রতিটি ঘটনার ন্যায়বিচারের পথে সরকার এগিয়ে যাবে।

আইনমন্ত্রী সংসদকে জানান, আওয়ামী লীগের শাসনামলে এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেসব জায়গায় তদন্ত দল যাবে। তাদের সহযোগিতা করার জন্য সংসদ সদস্য, স্থানীয় প্রশাসনসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন