জামায়াত নেতা শামসুল, শাহজাহানসহ ১৭৯ জনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম ও কেন্দ্রীয় শুরা সদস্য শাহজাহান চৌধুরীসহ ১৭৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় তাণ্ডবের ঘটনায় ২০১৩ সালে এই মামলা করা হয়েছিল। আজ রোববার ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ সাইফুর রহমান মজুমদার শুনানি শেষে এই আদেশ দেন।

সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত ১৭৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ২৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য রেখেছেন আদালত।

মামলার নথিপত্রে জানা গেছে, যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় দেওয়ার পর ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি লোহাগাড়ায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল, ককটেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের করা মামলার এজাহারে বলা হয়, আসামিদের গুলিতে মেজবাহ উদ্দিন (২৩) নামের এক ব্যক্তি নিহত হন। আসামিরা ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধন করে। মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে বিস্ফোরক আইনের মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

২০১১ সালে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিলের রায়ে ফাঁসির সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।