আমার নির্বাচনে যাঁরা সক্রিয় ছিলেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে: এমপি আরমান

ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)ফাইল ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় ঢালাওভাবে বিরোধী দলের ওপর দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। এ ঘটনায় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আরমান বলেছেন, এ হামলার ঘটনার ফুটেজে যাঁদের কোনো অবস্থান নেই, এমন লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে ওই এলাকায় তাঁর নির্বাচনে যাঁরা সক্রিয় ছিলেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।

আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরমান এ কথা বলেন। আওয়ামী লীগ সরকার আমলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মীর আহমাদ বিন কাসেম ওরফে আরমানকে আজ জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁকে জেরা করা হয়। এর মধ্য দিয়ে এ মামলায় তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। সাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এই সংসদ সদস্য।

এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার নির্বাচনী এলাকায় শাহ আলীর মাজারে হামলা হয়েছে। আপনারা বক্তব্য দিয়েছেন যে সেখানে জামায়াতে ইসলামীর কেউ ছিল না। আবার পুলিশ বলেছে, সেখানে জামাতের কর্মীরা বা শিবিরের কর্মীরা ছিলেন। এ অবস্থায় আপনার ব্যাখ্যা কী?’

এ প্রশ্নের জবাবে মাজারে হামলার নিন্দা জানিয়ে সংসদ সদস্য আরমান বলেন, সরকারের দায়িত্ব সব ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। এ জায়গায় সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ভিডিও অ্যাভিডেন্স বা সুনির্দিষ্ট অ্যাভিডেন্স–সহকারে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে তাঁদের কোনো বক্তব্য নেই। কিন্তু তাঁরা দেখছেন, ঢালাওভাবে বিরোধী দলের ওপর দোষারোপ করা হচ্ছে। এই ঢালাওভাবে বিরোধী দলের ওপর দোষারোপ তো পতিত স্বৈরাচার আর পতিত ফ্যাসিস্টদের ঐতিহ্য।

মীর আহমাদ বিন কাসেম (আরমান) বলেন, ‘আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, যাদের গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে দুইজন গত নির্বাচনে বিরোধী দলের নির্বাচন করেছিল। ভিডিও ফুটেজে তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারপরও তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

শাহ আলী মাজারে হামলার নিরপেক্ষ তদন্ত চান উল্লেখ করে আরমান বলেন, সুনির্দিষ্টভাবে তাঁর দলকে অভিযুক্ত করা হয়েছে। যেটা তিনি মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত।