আরশাদ ওয়ালিউর রহমানের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমানের কুলখানিতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। ১৯ জুন, ২০২৩, গুলশান ,ঢাকা
ছবি: খালেদ সরকার

ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর গুলশানে তাঁর পৈতৃক বাসভবনে এই আয়োজন করা হয়। এতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁরা সবাই মরহুমের রুহের মাগফিরাত ও তাঁর জান্নাত কামনা করেন।

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের বড় সন্তান ছিলেন আরশাদ ওয়ালিউর রহমান। গত শুক্রবার সকালে তিনি মারা যান। ওই দিন বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজার পর তাঁর মরদেহ বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

আরশাদ ওয়ালিউর রহমানের জন্ম ১৯৬৫ সালের ২ অক্টোবর। বন্ধু ও ব্যবসায়ী মহলে তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি মা, দুই বোনসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমানের জান্নাত কামনা করে দোয়া। ১৯ জুন, ২০২৩, গুলশান ,ঢাকা
ছবি: খালেদ সরকার

কুলখানিতে আরশাদ ওয়ালিউর রহমানের পরিবারের পক্ষ থেকে কথা বলেন তাঁর ভাগনে যারেফ আয়াত হোসেন। তিনি বলেন, ‘নানা-নানুর (লতিফুর রহমান ও শাহনাজ রহমান) বড় সন্তান ও একমাত্র ছেলে হিসেবে তাঁদের মনে মামার (আরশাদ ওয়ালিউর রহমান) জন্য বিশেষ একটি জায়গা ছিল। মামার পরিচিতজনেরাও তাঁকে খুব ভালোবাসতেন।’

যারেফ আয়াত হোসেন বলেন, ‘আরশাদ ওয়ালিউর রহমান বাবা–মায়ের সন্তান হিসেবে, বোনদের ভাই হিসেবে, আমাদের মামা হিসেবে এবং তাঁর বন্ধুদের বন্ধু হিসেবে অসাধারণ ছিলেন।’

ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমানের কুলখানিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। ১৯ জুন, ২০২৩, গুলশান ,ঢাকা
ছবি: খালেদ সরকার

কুলখানিতে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ পরিবারের সদস্যরা, বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি নিহাদ কবির, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় প্রমুখ উপস্থিত ছিলেন।