আবহাওয়া পরিস্থিতি
কমতে পারে বৃষ্টিপাতের তীব্রতা
চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
সারা দেশে আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টিপাতের তীব্রতা একটু কমতে পারে। এদিকে চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। অবশ্য দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময়বিশেষে দ্রুত বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল বুধবার এসব তথ্য জানিয়েছে।
দেশে এখন মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে, যা দেশের ওপর মোটামুটি সক্রিয়। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, বৃষ্টিপাতের তীব্রতা বৃহস্পতিবার কমতে পারে। বৃষ্টি হবে, আবার রোদও উঠবে। আবার শুক্রবারের পর বৃষ্টিপাতের তীব্রতা একটু বৃদ্ধি পাবে।
কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশের কয়েকটি অঞ্চল ছাড়া গতকালও সারা দেশেই হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। গতকাল সারা দেশে ৬৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে টেকনাফে ৯৮ মিলিমিটার। আর ঢাকায় হয়েছে ৩৮ মিলিমিটার।
ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও বান্দরবান জেলায় বন্যা দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাঙ্গু নদের পানি বান্দরবানে বিপৎসীমার ১৭১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং চট্টগ্রামের দোহাজারী এলাকায় ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুহুরী, ফেনী, কর্ণফুলী, সাঙ্গু ও মাতামুহুরী নদ-নদীর পানি কমছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বান্দরবান জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।
তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে এই সময়ে এ অঞ্চলের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারি, গোয়াইন, ঝালুখালি, ভোপাই-কংস, সোমেশ্বরী ও যাদুকাটা নদ-নদীর পানি সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। ব্রহ্মপুত্র, যমুনা ও ভারতের গঙ্গা নদীর পানিও বাড়ছে, যা আরও তিন দিন বাড়তে থাকবে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।