সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দেশকে নিরাপদ ভাবছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু: মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা
ছবি: প্রথম আলো

ষাটের দেশকে রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা করা হয়েছিল। এখন রাষ্ট্রীয়ভাবে না হলেও সমাজের গভীরে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব এলে মণ্ডপে হামলা শুরু হয়। এসব ঘটনার কারণে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দেশকে নিরাপদ ভাবছে না। আজ রোববার রাজধানীর পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু: মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী এ পরিস্থিতিকে দুঃসময় হিসেবে বর্ণনা করেছেন। এটা কাটিয়ে উঠতে সামাজিক আন্দোলন প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

নাট্যজন রামেন্দু মজুমদারের পরিবার ষাটের দশকে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গার মুখে পড়েছিল। বঙ্গবন্ধু তাঁদের উদ্ধার করে ধানমন্ডি ৩২ নম্বরে নিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার স্মৃতিচারণা করে এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, এখন বেশির ভাগ রাজনৈতিক দলের নেতারা আক্রান্তদের পাশে দাঁড়ান না। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল সরকার পরিচালনা করলেও হেফাজতে ইসলামের দাবিতে পাঠ্যপুস্তক পরিবর্তন করতে হয়েছিল। সাম্প্রদায়িকতা রুখতে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে অসাম্প্রদায়িক চর্চার ওপর জোর দেন রামেন্দু মজুমদার।

বঙ্গবন্ধু একমুখী শিক্ষাব্যবস্থা চালু করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন ২৫০টি সুপারিশ করেছিল, সেগুলোর অন্তত কিছু বাস্তবায়ন করলেও সাম্প্রদায়িকতাকে দূরে রাখা যেত।

সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমরা ভয়ংকর সময়ের দিকে যাচ্ছি। গণতন্ত্র ও সমাজতন্ত্র এই উপমহাদেশে কঠিন একটি বিষয়। যেকোনো কারণেই হোক সমাজতন্ত্র টিকিয়ে রাখতে পারা যায়নি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের পিছপা হওয়া যাবে না।’

মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্তের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সমকাল–এর ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সম্পাদক মুকুল চৌধুরী।