প্রথম আলো বৈশাখী উৎসব আগামীকাল 

বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে আগামীকাল ১৪ এপ্রিল, মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী প্রথম আলো বৈশাখী উৎসব। ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত শেফস্ টেবিল কোর্টসাইডে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এমন একটি আয়োজন নগরজীবনে এনে দেবে ঐতিহ্যের ছোঁয়া।

প্রথম আলোর উদ্যোগে ও শেফস্ টেবিল কোর্টসাইডের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দিনভর শীতলপাটি, টেপাপুতুল, চুড়ি, খেলনার মতো লোকজ পণ্যের প্রদর্শনী দেখতে পারবেন দর্শনার্থীরা। মেলা প্রাঙ্গণজুড়ে থাকবে রণপা, হাওয়াই মিঠাই, বানরনাচ, টিয়া পাখির চিঠি, বোম্বে ক্যান্ডি। আরও থাকবে লাটিম, মার্বেল, লুডো, ষোলোঘুঁটি, বিস্কুট দৌড়ের মতো দুরন্ত শৈশবের খেলা।

উৎসবে শিশু-কিশোর ও তরুণদের জন্য থাকবে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’। সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১০টায় হাতের লেখা প্রতিযোগিতা এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে ‘যেমন খুশি তেমন সাজো’। পাশাপাশি ক্যারিকেচার ও অরিগ্যামির মতো সৃজনশীল কর্নারগুলো হয়ে উঠবে শিশুদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

উৎসবজুড়ে থাকবে সংগীত, গল্প বলার আসর, পুতুলনাচ, জাদুসহ বিভিন্ন ধরনের পরিবেশনা। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে একটি উন্মুক্ত ও প্রাণবন্ত পরিবেশ। এ ছাড়া আয়োজনজুড়ে থাকবে উৎসবমুখর সাজসজ্জা ও বৈশাখের ঐতিহ্যবাহী মোটিফ। নগরজীবনের কোলাহলের মধ্যেও এই আয়োজন এক দিনের জন্য আনন্দ ও সাংস্কৃতিক সংযোগের প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

বাংলা নববর্ষকে ঘিরে একটি স্মরণীয় দিন উপহার দিতেই এই উদ্যোগ। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। উৎসবের বিস্তারিত জানতে ফোন করুন ০১৪০৪-৪৪০০৫০ নম্বরে। অথবা ভিজিট করুন