চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার তালিকায় প্রথম ১০টির ৯টিই নগরের শিক্ষাপ্রতিষ্ঠান। সেরা দশে জায়গা পেয়েছে বাইরের মাত্র একটি বিদ্যালয়। এটি হলো কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষা দিয়েছে ২৪৭ জন। পাস করেছে ২৪৩ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন। জিপিএ-৫ পাওয়ার তালিকায় বিদ্যালয়টির অবস্থান দশম।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে কলেজিয়েট স্কুল থেকে। এ স্কুল থেকে ৪৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতায় জিপিএ-৫ বেড়েছে। এ ফলাফল ধরে রাখতে চান তাঁরা।
তবে ফলাফল নিয়ে শিক্ষকদের অভিযোগও রয়েছে। তাঁরা বলছেন, জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। পাশাপাশি অবকাঠামোগত সংকটও আছে। এ কারণে চট্টগ্রাম বাদে অন্যান্য জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ বাড়ছে না।
শুক্রবার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭৩ জন; পাস করেছে ৪৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭৪ জন।
সরকারি মুসলিম হাই স্কুল আছে তৃতীয় অবস্থানে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে ৪৬০ জন। সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩১ শিক্ষার্থী। চতুর্থ স্থানে আছে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়। ৫১৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২৬০ জন।
এরপর আছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। এ বিদ্যালয়ের ২৫৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষা দিয়েছে ৪৭৭ জন, পাস করেছে ৪৭১ জন। বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় থেকে ৫১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫০৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ৩৩৬ জন। পাস করেছে ৩৩২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন।
বোর্ডের তথ্যমতে, ২২৫ জন জিপিএ-৫ পেয়েছে বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে। ৪৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫১ জন। চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন। পরীক্ষার্থী ছিল ২৮৫, পাস করেছে ২৮২ জন।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, এখন সচেতন অভিভাবকেরা নগরমুখী। গ্রামে মানসম্মত শিক্ষার অভাব আছে। তাই গ্রামের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা কম জিপিএ-৫ পাচ্ছে। তবে আগের তুলনায় ফলাফলে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো করছে।