পলাতক জঙ্গি শিক্ষকতা করছিলেন ফেনীতে
নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে ফেনীর সোনাগাজী থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও সোনাগাজী মডেল থানা-পুলিশ। আজ শুক্রবার ভোরে ফেনীর মহিপালে বিজয় সিংহ দীঘি এলাকার এক বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এমদাদুল হক ওরফে এমদাদ উল্লাহ (৪৮) নামের ওই জঙ্গির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল ১৬ বছর আগে। পরিচয় গোপন করে দুই বছর ধরে তিনি ফেনীর একটি মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
গ্রেপ্তার এমদাদুল হক সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি এলাকার শামছুল হকের ছেলে। আজ বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো ষড়যন্ত্রের লিপ্ত থাকার অপরাধে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ২০০৭ সালের ৫ এপ্রিল এমদাদুল হকসহ বেশ কয়েকজন জঙ্গির বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহের মামলা হয় বলে সোনাগাজী থানা-পুলিশ জানিয়েছে। মামলা দায়েরের পর থেকে পুলিশ এমদাদকে গ্রেপ্তার করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এমদাদ মামলার বিষয়ে জানতে পেরে গ্রেপ্তার এড়াতে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় অবস্থান করেছেন। দুই বছর ধরে তিনি ফেনীর মহিপালের বিজয় সিংহ দীঘি এলাকায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন।
ঢাকা ও বরিশালে গ্রেপ্তার অন্য জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির মাধ্যমে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট এমদাদুল হকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইন উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সোনাগাজী মডেল থানা-পুলিশ মহিপাল ও বিজয় সিংহ দীঘি এলাকায় যৌথ অভিযান শুরু করে। আজ ভোরে বিজয় সিংহ দীঘিসংলগ্ন এলাকার একটি বাসা থেকে এমদাদুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, গ্রেপ্তার জঙ্গি হুজির একজন সক্রিয় সদস্য ছিলেন। দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।