চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত শ্রমিকদের প্রতি সংহতি জানাল গণতান্ত্রিক অধিকার কমিটি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত শ্রমিকদের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সংহতি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর শ্রমিকেরা দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন। এই আন্দোলনের সমর্থনে ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
শ্রমিকদের আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, নির্বাচনের ডামাডোলে জাতীয় স্বার্থবিরোধী এই চক্রান্ত হাসিলের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা এবং শ্রমিকনেতাদের বদলি ও হুমকির মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা চালাচ্ছে।
সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে এখন অন্তর্বর্তী সরকার এ ধরনের চুক্তি করার এখতিয়ার রাখে না। নির্বাচনের রুটিন কাজ বাদে সরকারের কোনো ধরনের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা নেই।
সরকারের এই কার্যক্রমকে ‘দ্বিচারিতা’ উল্লেখ করে অবিলম্বে জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা বন্ধের দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে আরও বলা হয়, জনসম্মতি ছাড়া গায়ের জোরে এ ধরনের স্বেচ্ছাচারিতা অন্তর্বর্তী সরকারের অগণতান্ত্রিক আচরণকেই বারবার মনে করিয়ে দিচ্ছে।
নির্বাচনের মাত্র আট দিন বাকি থাকতে যেসব রাজনৈতিক দল ভোট চাইতে যাচ্ছে, জনগণের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।