২১ আগস্ট গ্রেনেড হামলার দুই আসামিকে ফেরাতে সহযোগিতার আশ্বাস দক্ষিণ আফ্রিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র উপমন্ত্রী মাশেগো ডিলামিনি
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় পালিয়ে থাকা ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই আসামিকে ফেরত পাঠাতে ঢাকাকে সহায়তার আশ্বাস দিয়েছে প্রিটোরিয়া। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র উপমন্ত্রী মাশেগো ডিলামিনির মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দুই আসামি সেখানে (দক্ষিণ আফ্রিকা) আছেন বলে আমরা জানি। এর মধ্যে একজনের অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত জানাতে চাই না। এটা নিয়ে আলোচনা হয়েছে এবং তাঁকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি তারা (দক্ষিণ আফ্রিকা) নিশ্চিত করেছে।’

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রী। কয়লা আমদানিতে সহযোগিতা পেতে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে।’
মাশেগো ডিলামিনি বলেছেন, ‘দুই দেশের সম্পর্কের ৩০ বছর পূর্তি হবে ২০২৪ সালে।

আমরা অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়াতে চাই।’ জ্বালানি সহযোগিতা নিয়ে তিনি বলেন, ‘কয়লার ব্যবহার কমাতে চাই আমরা। এ জন্য নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা জানতে চাই।’