জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার তাগিদ আইজিপির

অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরেছবি: পুলিশের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন পুলিশপ্রধান।

পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলারও নির্দেশ দিয়েছেন আইজিপি। এ জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি। সভায় তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। পুলিশ সদস্যদের পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে। এ ছাড়া থানায় করা মামলার যথাযথ ও গুণগত মানসম্পন্ন তদন্ত নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন পুলিশপ্রধান।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। তিনি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। বিশেষ করে অপমৃত্যুর মামলাসহ বিভিন্ন মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে করার তাগিদ দেন তিনি। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন অতিরিক্ত আইজিপি।

সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত হওয়া ও অপহরণের মামলা এবং মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত, বিচারের ফলাফল ও সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটের প্রধানেরা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা সভায় অংশ নেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।