পরিবহনে সরকারনির্ধারিত ভাড়ার বেশি নিলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী
পরিবহনে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, পরিবহনে সরকার যে মূল্য নির্ধারণ (ভাড়া) করে দিয়েছে, তার চেয়ে কেউ বেশি আদায় করলে নিশ্চয়ই সেটি অন্যায়। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব অন্যান্য পণ্যের ওপর এখনই পড়ার কোনো কারণ নেই বলেও দাবি করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিশ্ববাজারে তেলের দাম একবার বাড়ে, আরেকবার কমে। তাই বিশ্ববাজারে যখন দাম স্থিতিশীল হবে এবং কমবে, তখন বাংলাদেশেও তা সমন্বয় করা হবে। এ সময় তিনি বিভিন্ন দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তথ্য তুলে ধরেন।
৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। লিটারে ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা আর পেট্রলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়। এখন প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা আর পেট্রল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
পরদিন রাত পৌনে ১০টার দিকে নতুন বাসভাড়া ঘোষণা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার পথে বাসভাড়া বেড়েছে ২২ শতাংশ। নগরে বাসভাড়া বেড়েছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। তবে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।