সর্বোচ্চসংখ্যক ৬০ জন আসছেন ভারত থেকে
নির্বাচনের খবর সংগ্রহে আসছেন ২১ দেশের প্রায় ২০০ গণমাধ্যমকর্মী
বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর সংগ্রহের জন্য এবার বিপুলসংখ্যক সাংবাদিক বাংলাদেশে আসছেন। আজ সোমবার বিকেল পর্যন্ত ২১ দেশের প্রায় ১৭০ জন গণমাধ্যমকর্মী বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্বাদশ ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খবর সংগ্রহের জন্য ইসির কাছে নিবন্ধন করেছিলেন যথাক্রমে ৭১ ও ৫৬ জন বিদেশি গণমাধ্যমকর্মী।
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ বিকেল পর্যন্ত পর্যবেক্ষক আর গণমাধ্যমকর্মী মিলিয়ে ৫৪২ জনের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউইওএম) ও দ্বিপক্ষীয় প্রতিনিধিদের সমন্বয়ে পর্যবেক্ষক ২৪১ জন। আন্তর্জাতিক সংস্থার বিদেশি পর্যবেক্ষক ৮০, স্বাধীন পর্যবেক্ষক ৫১ জন এবং গণমাধ্যমকর্মী ১৭০ জন। পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ৫৪২ জন বিদেশি নাগরিক আসছেন ২৩ দেশ থেকে।
আজ পর্যন্ত ইসির কাছে নিবন্ধন করেছেন ২১ দেশের ১৭০ জন সাংবাদিক। নিবন্ধিত এসব দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, চীন, জাপান, তুরস্ক, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বিদেশি সাংবাদিকদের মধ্যে ভারত থেকে ৬০ ও পাকিস্তান থেকে আসছেন ৫৮ জন গণমাধ্যমকর্মী।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব গণমাধ্যমের প্রতিনিধিরা বাংলাদেশে নির্বাচনের খবর সংগ্রহের জন্য আসছেন, সে তালিকায় আছে বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য গার্ডিয়ান, দ্য ইনডিপেনডেন্ট, আল–জাজিরা, ব্লুমবার্গ, থমসন রয়টার্স, এএফপি, এপি, স্কাই নিউজ, ডয়চে ভেলে, এবিসি অস্ট্রেলিয়া, ফ্রান্স ২৪, এনএইচকে, কিয়োডো নিউজ, জিজি প্রেস, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, পিটিআই, পিআইবি, এনডিটিভি, সিএনএন নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেস।