‘ডোনাল্ড ট্রাম্প’ এখন কোথায়, কেমন আছে, কী কাজে ব্যবহার হচ্ছে
গত পবিত্র ঈদুল আজহার সময় বাংলাদেশের একটি অ্যালবিনো (সাদা) মহিষ দেশ–বিদেশি ব্যাপক আলোচনা তৈরি করেছিল। ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিতি পাওয়া সেই মহিষ বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) রয়েছে। সেখানে এটি এখন গবেষণার কাজে ব্যবহার হচ্ছে।
বিএলআরআই কর্তৃপক্ষ বলছে, প্রাকৃতিক পরিবেশে অ্যালবিনো মহিষটি ভালো আছে। অন্যদের সঙ্গে একই শেডে মহিষটিকে রাখা হচ্ছে। শেড একই হলেও অ্যালবিনো পুরুষ মহিষটি আলাদা থাকছে। কারণ, ষাঁড়গুলোকে একসঙ্গে রাখা হয় না। একসঙ্গে রাখলে মারামারি করে।
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে গত ২১ জুন মহিষটিকে বিএলআরআইয়ে নেওয়া হয়। তারপর মহিষটিকে প্রায় এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে কোনো প্রাণীকে সাময়িকভাবে আলাদা করে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। যাতে তার শরীরে কোনো রোগ বা সংক্রমণ আছে কি না তা পরীক্ষা করা যায়, থাকলে অন্য প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া ঠেকানো যায়।
বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব প্রথম আলোকে বলেন, কোয়ারেন্টাইনে মহিষটির শরীরে কোনো অসুখ–বিসুখ শনাক্ত হয়নি। কোয়ারেন্টাইন শেষে মহিষটিকে মূলধারায় সম্পৃক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মহিষটির কোনো অসুখ হয়নি। প্রাণীটি বিএলআরআইয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।
কী গবেষণা হচ্ছে
ডোনাল্ড ট্রাম্পখ্যাত মহিষটি অ্যালবিনো। মানে এর গায়ের রং সাদা। বাংলাদেশে সাধারণত মহিষের গায়ের রং কালো বা গাঢ় ধূসর হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার প্রথম আলোকে বলেন, জিনের মিউটেশনের (ডিএনএ বা জিনের গঠনে ঘটে যাওয়া আকস্মিক ও স্থায়ী পরিবর্তন) কারণে মহিষ অ্যালবিনো বা সাদা রঙের হয়ে থাকে। আলোর প্রভাব বা অন্য কোনো প্রভাবের কারণে বিশেষ ধরনের মিউটেশন হতে পারে। এটা যে একেবারে ব্যতিক্রম, তা নয়। কম হলেও এ ধরনের ঘটনা ঘটে। অ্যালবিনো প্রজাতির মহিষের রোগপ্রতিরোধ ও উৎপাদনক্ষমতা কম থাকে—এ ধরনের কথা অনেকে বলেন। ইয়াহিয়া খন্দকার মনে করেন, গবেষণা ছাড়া এ ধরনের কোনো সিদ্ধান্তে যাওয়া যৌক্তিক নয়।
গবেষণাপ্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, কোরবানির জন্য মোটাতাজাকরণ করায় মহিষটি প্রজননের উপযোগী ছিল না। গত প্রায় চার মাসে তাঁরা মহিষটিকে প্রজনন উপযোগী করার চেষ্টা করেছেন। সে জন্য এটির ওজন কমানোর চেষ্টা করা হয়েছে। তবে একবার ওজন বেড়ে গেলে তা কমানো কঠিন। বর্তমানে মহিষটির ওজন কিছুটা কমে সাড়ে পাঁচ শ কেজির মতো হয়েছে।
অন্যদিকে শীতের জন্য অপেক্ষা করছিলেন বলে জানান বিএলআরআইয়ের কর্মকর্তারা। তাঁরা বলছেন, শীতকাল মহিষের প্রজননের জন্য উপযুক্ত সময়। তাঁরা অ্যালবিনো মহিষটির সিমেন (বীর্য) সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটু ঠান্ডা পড়লে দেখবেন মহিষটি বীর্য দেয় কি না। বীর্য দিলে তা দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হবে জানিয়ে বিএলআরআই বলছে, এসব বীর্য ৫০ থেকে ৬০ বছর, কখনো ১০০ বছর সংরক্ষণ করা যায়। তারা এই মহিষ থেকে কয়েক হাজার বীর্য সংগ্রহ করে সংরক্ষণ করবে। পরে এসব কৃত্রিম প্রজননের জন্য ব্যবহার করা হবে।
বিএলআরআইয়ে একটি অ্যালবিনো মহিষ রয়েছে। মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, একটি মহিষ দিয়ে গবেষণা করা যায় না। যদি তাঁরা সফলভাবে মহিষ ট্রাম্পের কাছ থেকে বীর্য সংগ্রহ করতে পারেন, তাহলে কয়েকটি স্ত্রী লিঙ্গের অ্যালবিনো মহিষ কেনার জন্য সরকারকে প্রস্তাব করবেন। কিংবা যেসব খামারির কাছে অ্যালবিনো মহিষ আছে তাঁদের এসব বীজ দেওয়া হবে। তখন দেখার চেষ্টা করা হবে অ্যালবিনো মহিষের উৎপাদন কেমন। গৌতম কুমার দেব বলেন, তাঁরা দেখার চেষ্টা করবেন, বাংলাদেশে অ্যালবিনো মহিষের আয়ুষ্কাল কত, তাদের রোগ প্রতিরোধক্ষমতা কেমনসহ অন্যান্য বিষয়।
কোরবানির প্রাণী থেকে গবেষণাগারে
গত পবিত্র ঈদুল আজহার সময় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ অ্যালবিনো মহিষটিকে মোটাতাজাকরণ করা হয়। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই এর নাম রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। গায়ের রং ও চুলের স্টাইলের কারণে একপর্যায়ে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশি–বিদেশি গণমাধ্যমে সংবাদ হতে থাকে।
রাবেয়া অ্যাগ্রো খামার থেকে মহিষটি কিনেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামান। খামারটি লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজে মহিষটিকে বিদায় দেয় গত ২৫ মে। দেশ–বিদেশি ব্যাপক আলোচনা তৈরি করায় মহিষটিকে সরকার সংরক্ষণের উদ্যোগ নেয়। কোরবানির ঈদের আগের দিন ২৭ মে জিনজিরার মনিরুজ্জামানের কাছ থেকে মহিষটি নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেদিনই মহিষটির স্থান হয় জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায়ও মহিষটিকে ঘিরে ভিড় বাড়তে থাকে। গণমাধ্যমেও সংবাদ হতে থাকে। এমন পরিস্থিতিতে প্রায় এক মাসের মাথায় চিড়িয়াখানা থেকে বিএলআরআইয়ের কাছে মহিষটিকে স্থানান্তর করা হয়। তার পর থেকে বিএলআরআইয়েই আছে মহিষটি।