মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে আজ বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীরযোদ্ধাসহ ৩৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধিদল সাক্ষাৎ করে
ছবি: আইএসপিআর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীরযোদ্ধাসহ ৩৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আজ বৃহস্পতিবার সেনাসদর দপ্তরে তাঁরা এ সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীরযোদ্ধাসহ ৩৬ সদস্যের সঙ্গে সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাপ্রধান স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ, স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তারা তাঁদের একাত্তরের স্মৃতিচারণা করেন। পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বি এস মেহতা মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার ওপর তাঁর লিখিত ‘একাত্তরের যুদ্ধ: এক ভারতীয় কমান্ডারের বীরগাথা’ ও ‘ওয়ার ডেসপাসেস ১৯৭১’ শীর্ষক দুটি বই বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেন। সেনাবাহিনী প্রধানের পক্ষে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম উপহার হিসেবে বই দুটি গ্রহণ করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায়
ছবি: আইএসপিআর

এর আগে ভারতীয় প্রতিনিধিদল ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ অবলোকনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় প্রতিনিধিদল গতকাল রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে। সফরকালে প্রতিনিধিদলটি জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে ১৯ ডিসেম্বর তাঁরা নিজ দেশে ফিরে যাবেন।