গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, এমএসএফের উদ্বেগ
গাজীপুরে বাসন থানা–পুলিশের হেফাজতে সুতা ব্যবসায়ী রবিউল ইসলামকে (৪০) নির্যাতনে মৃত্যুর অভিযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ বুধবার এক বিবৃতিতে এ ক্ষোভ জানায় মানবাধিকার সংগঠনটি। তারা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
ব্যবসায়ী রবিউলের মৃত্যুর অভিযোগে আজ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। আজ সকাল সাড়ে নয়টা থেকে অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধ চলে। এ ঘটনায় বাসন থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। ওই দুজনকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ।
আজ গণমাধ্যমের সূত্র উল্লেখ করে এমএসএফের বিবৃতিতে বলা হয়, গত শনিবার রাতে মুঠোফোনে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গাজীপুর মহানগরীর বাসন থানা–পুলিশ চারজনকে আটক করে। রোববার তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার রাতে বাসন থানার উপপরিদর্শক নুরুল ইসলাম ও মাহবুবসহ একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে সই নিয়ে আসে। পরে রাতে পরিবারের লোকজন জানতে পারেন, রবিউল মারা গেছেন।
বিবৃতিতে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনকে উদ্ধৃত করে বলা হয়, মঙ্গলবার রাতে অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত সন্দেহে বাসন থানা-পুলিশ একজনকে আটক করে। পরে রাতে তার দুই অভিভাবকের জিম্মায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। পরে থানা থেকে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। তাদের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে একজনের মৃত্যু হয়। অপরদিকে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান জানান, দুই এসআই রবিউলকে আটক করে থানায় নিয়ে এসেছিল। পরে তাঁর স্বজন ও স্থানীয় ব্যক্তুদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাঁকে নিয়ে যাওয়ার সময় তিনি গাড়িচাপায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এমএসএফের বিবৃতিতে বলা হয়, পুলিশ কর্তৃপক্ষ ঘটনার যে বর্ণনা দিয়েছে, তা গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নয়। থানা হেফাজতে গ্রেফতারকৃত ব্যক্তির মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে এমএসএফ বলে, পুলিশের হেফাজতে মৃত্যু যেভাবেই হোক না কেন, মৃতের লাশের সুষ্ঠু ময়নাতদন্ত করে তা প্রকাশ করতে হবে। রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। মৃত্যুর সঠিক কারণ বের করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।