রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের লিভ টু আপিলের ওপর শুনানি ১৭ অক্টোবর
শ্রম আদালতে করা মামলার কার্যক্রম সচলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১৭ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
ওই মামলা বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে ১৭ আগস্ট রায় দেন হাইকোর্ট। ফলে মামলার কার্যক্রম সচল হওয়ার সুযোগ তৈরি হয়। এই রায়ের বিরুদ্ধে মুহাম্মদ ইউনূস একটি আবেদন করেন, যা ২৪ আগস্ট চেম্বার আদালতে ওঠে। সেদিন আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
অন্যদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ অবস্থায় হাইকোর্টের রায় স্থগিত চাওয়ার পাশাপাশি লিভ টু আপিল করেন মুহাম্মদ ইউনূস। আজ বিষয়টি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।
পরে আইনজীবী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত লিভ টু আপিল করা হয়। চেম্বার আদালত লিভ টু আপিলটি ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। সেদিন লিভ টু আপিল ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি হবে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলে গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একজন শ্রম পরিদর্শক বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা বাতিল চেয়ে মুহাম্মদ ইউনূস হাইকোর্টে আবেদন করেন। এর শুনানি নিয়ে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১৭ আগস্ট রায় দেওয়া হয়।