চট্টগ্রামে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম, নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে
ছবি: জুয়েল শীল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। সোমবার রাত ১২টা থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। আজ মঙ্গলবার ভোর থেকেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুল হাতে নগরের মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠের শহীদ মিনারে ভিড় করেন।

সকাল ৯টার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় ঘোষণা মঞ্চ থেকে দুই পক্ষকে বারবার শান্ত থাকার অনুরোধ জানানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার সকাল ৭টায়, চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে
ছবি: জুয়েল শীল

এরপর নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। নগর বিএনপি বেলা ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।
সকাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা যুবলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, উপলব্ধি, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদবেদিতে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুখে ও হাতে জাতীয় পতাকা ও বর্ণমালা এঁকেছে শিশুটি। মঙ্গলবার সকাল ৮টায়, চট্টগ্রাম নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে
ছবি: জুয়েল শীল

শহীদ মিনারে ফুল দিয়ে আরও শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুদ্দিন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মহানগরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।