ফেনীর ছাগলনাইয়ায় এসআইকে পেটালেন যুবলীগের নেতা–কর্মীরা
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সমিতির বাজার এলাকায় স্থানীয় যুবলীগের নেতা–কর্মীরা পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) পিটিয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম জাকির হোসেন। তিনি ফেনীর ছাগলনাইয়া থানার ঘোপাল তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে উপজেলার নিজজুঞ্জরা গ্রামে পারভেজ নামে একজন স্থানীয় যুবলীগের নেতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৮০টি ভারতীয় শাড়িসহ পারভেজের বাবা আবু তাহেরকে (৬০) আটক করা হয়। পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সমিতির বাজার এলাকায় কর্মরত ছিলেন এসআই জাকির। এ সময় সেখানে চট্টগ্রামের বারইয়ারহাট এলাকার দুই তরুণকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় যুবলীগের নেতা পারভেজসহ ১০–১২ জন সেখানে হাজির হন। তাঁরা সবাই স্থানীয় যুবলীগের নেতা–কর্মী।
ওই সময় পারভেজ জানান, পুলিশ যে দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা তাঁদের মেহমান। কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই বিষয়ে জানতে চান পারভেজ। পুলিশের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে তাঁরা জাকিরের ওপর চড়াও হন। জাকিরের কপালে ঘুষি মারেন।
এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ফারুক বলেন, অভিযুক্ত পারভেজ নিজেকে স্থানীয় যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেন। তবে তিনি যুবলীগের ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিতে নেই। তিনি যুবলীগের সদস্যও নয়। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তিনি।
ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় প্রথম আলোকে বলেন, পারভেজ পলাতক রয়েছে। তাঁকেসহ অন্যান্য অভিযুক্তদের আটক করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।