যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূসের বিবৃতি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিটি ইউনূস সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিশ্বনেতাদের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যেই যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে এই চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি, যেখানে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা প্রাণ হারাচ্ছে; বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এবং মানুষের মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে।’
এটি কোনো আঞ্চলিক সংকট নয় উল্লেখ করে বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটি সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে উঠছে।’
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। বিশ্বনেতাদের এই পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে হবে। বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে হবে।
মধ্যপ্রাচ্যের সংকট কেবল ভূরাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানবসভ্যতার ভবিষ্যতের প্রশ্ন বলে উল্লেখ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের যুদ্ধ নয়, শান্তিকে বেছে নিতে হবে। হামলা নয়, সংলাপকে বেছে নিতে হবে। বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। টানা ৩৯ দিন যুদ্ধ চলার পর বাংলাদেশ সময় বুধবার ভোরে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিকেলে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিবৃতি এসেছে।