দৃষ্টিহীন চোখ থামাতে পারেনি মনসুরকে
আবুল মনসুরের শৈশবটা অন্য দশজনের মতো ছিল না। জন্মের পরই তার এক চোখে ধরা পড়ে জটিল অসুখ। ধীরে ধীরে হারিয়ে যায় দৃষ্টিশক্তি। অন্য চোখ দিয়ে অস্পষ্ট দেখত। স্কুলে ভর্তি হলেও এক চোখে পড়তে পারত না, লিখতে গেলেও থামতে হতো। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে সেই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তবে এত কিছুর পরও মনসুর দমে যায়নি। সব প্রতিবন্ধকতা জয় করে সে এবার এসএসসি পরীক্ষায় ‘জিপিএ ৪ দশমিক ৩৯’ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মনসুরের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামে। তার বাবা আবদুল সলিম কৃষক। মা রেহানা আক্তার গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে তৃতীয়। মনসুর শুরুতে গ্রামের একটা বিদ্যালয়ে পড়া শুরু করে। কিন্তু বেশি দিন টিকতে পারেনি। পরে চট্টগ্রাম নগরের মুরাদপুরে সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ২০১২ সালে ভর্তি হয়। সপ্তম শ্রেণি পড়ার পরে আবার সে চলে যায় নিজের গ্রামের রহমানিয়া উচ্চবিদ্যালয়ে। সেখান থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দেয়।
ভালো ফল করার খবরে মনসুর এবং তার শিক্ষকেরা দারুণ উচ্ছ্বসিত। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, মনসুর ভালো ফল করেছে। শিক্ষকেরা সব সময় তাকে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন। তাকে আরও সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে সে।
মনসুর নিজেও বেশ খুশি। মুঠোফোনে প্রথম আলোকে জানাল তার স্বপ্নের কথা। বলল, ‘আগে এক চোখে সমস্যা ছিল। চলতি বছরের শুরুতে দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ি। হাসপাতালেও ভর্তি হতে হয়। কিন্তু মনে সাহস ছিল। আর শিক্ষকেরাও অনুপ্রেরণা দিয়েছেন। তাই পরীক্ষাপদ্ধতি, শিক্ষা উপকরণ বা শ্রুতলেখকের কোনো সমস্যাই আমাকে আটকাতে পারেনি।’
মনসুর এখন ‘ভালো’ কোনো কলেজে ভর্তি হতে চায়। তার স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া। সে প্রথম আলোকে বলে, শৈশবে মাঠে খেলাধুলাটাও ঠিকঠাক করতে পারেনি সে। স্কুলে গিয়েও শুরুতে ভোগান্তিতে পড়তে হয়। তাকে ‘ব্রেইল পদ্ধতি’ আয়ত্ত করতে হয়। দুই চোখে দৃষ্টিশক্তি চলে যাওয়ায় তাকে আরও বেশি সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু কোনো কিছুই দমাতে পারেনি তাকে।