রেলওয়ে
কর্মকর্তাকে পদোন্নতি দিতে রেলমন্ত্রীর ডিও নিয়ে প্রশ্ন
দুদক গত বছর সেপ্টেম্বরে রেলের ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে।
এ তালিকায় ৫ নম্বর নামটি ছিল মনজুর-উল-আলম চৌধুরী।
রেলওয়ের মহাপরিচালকের পদটি প্রথম গ্রেডের। বর্তমান মহাপরিচালক ১১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। নিয়মানুযায়ী, দ্বিতীয় গ্রেডে থাকা কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে মহাপরিচালক করার কথা। দ্বিতীয় গ্রেডে দুজন কর্মকর্তা আছেনও। কিন্তু রেলমন্ত্রী নূরুল ইসলামের পছন্দ তৃতীয় গ্রেডে থাকা একজন কর্মকর্তা। এ জন্য তৃতীয় গ্রেডে থাকা কর্মকর্তাকে পদোন্নতি দিতে খোদ মন্ত্রী আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে।
রেলমন্ত্রীর এভাবে ডিও লেটার দিয়ে পছন্দের কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সুপারিশকে নজিরবিহীন বলছেন রেলের কর্মকর্তারা। এ নিয়ে রেলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমান মহাপরিচালক ডি এন মজুমদারের অবসরে যাওয়ার আর মাত্র চার দিন বাকি। এর মধ্যে নিজের পছন্দের কর্মকর্তা মনজুর–উল–আলম চৌধুরীকে প্রথমে চলতি দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছেন রেলমন্ত্রী। মন্ত্রীর ডিও লেটার মেনে জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি দিলে পরে মনজুর–উল–আলম চৌধুরীকে স্থায়ীভাবে মহাপরিচালক নিয়োগ করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি রেলমন্ত্রীর আধা সরকারি পত্রটি পেয়েছেন। এখন বিচার-বিশ্লেষণ চলছে।
মন্ত্রীর পছন্দের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দুদক। মন্ত্রী তাঁকে রেলের মহাপরিচালক নিয়োগ দিতে চান।
রেলওয়ে সূত্র আরও জানায়, ২০২০ সালের দিকে মো. হাসান মনসুর ও মনজুর–উল–আলম চৌধুরীসহ ছয়জন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব রেলপথ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ওই সময় চারজনকে পদোন্নতি দেওয়া হয়। হাসান মনসুর ও মনজুর–উল–আলম তৃতীয় গ্রেডে দুই বছর চাকরির অভিজ্ঞতা না থাকায় পদোন্নতি পাননি। এ অভিজ্ঞতার শর্তটি রাষ্ট্রপতির প্রমার্জনের (রেহাই) জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। কিন্তু হাসান মনসুরের বিরুদ্ধে রেলের ২০টি ইঞ্জিন ক্রয়ে অনিয়ম ও মনজুর–উল–আলমের বিরুদ্ধে করোনাকালে সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ থাকায় এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে প্রস্তাব ফেরত পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এরপর থেকেই তাঁদের পদোন্নতি আটকে আছে।
বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান আগেই দ্বিতীয় গ্রেডে উন্নীত হয়েছেন। তাঁদের মহাপরিচালক নিয়োগে আইনত কোনো বাধা নেই। তবে মন্ত্রীর পছন্দ মনজুর-উল-আলম চৌধুরী।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর সেপ্টেম্বরে রেলের ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে। এ তালিকায় ৫ নম্বর নামটি ছিল মনজুর-উল-আলম চৌধুরী। দুদক সূত্র জানায়, সেই তদন্ত এখনো শেষ হয়নি।
মন্ত্রীর পত্র
রেলমন্ত্রী নূরুল ইসলাম ও মনজুর–উল–আলম চৌধুরীর বাড়ি উত্তরবঙ্গে। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই মনজুর–উল–আলম তাঁর সঙ্গে সখ্য রেখে চলেন। তাঁকে পদোন্নতি দিতে গত ৬ নভেম্বর রেলমন্ত্রী আধা সরকারি পত্র লেখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে।
এতে মন্ত্রী বলেন, রেলওয়েতে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি ভিত্তিতে সুরক্ষাসামগ্রী ক্রয়সংক্রান্ত বিষয়ে তদন্ত প্রতিবেদনে ওই কর্মকর্তাকে সুনির্দিষ্টভাবে জড়িত করা হয়নি। তবে অভিযুক্তের জবাব বিবেচনায় ভবিষ্যতে অধিকতর দায়িত্বশীলতা, নিষ্ঠা, দক্ষতাসহ সরকারি বিধিবিধান প্রতিপালন করে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে তাঁকে সতর্ক করে এ–সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। কোনো বিভাগীয় মামলা করা হয়নি।
মন্ত্রী পদোন্নতি দেওয়ার সুপারিশে এ–ও উল্লেখ যে মনজুর–উল–আলমের শ্বশুর মরহুম আবু সোলায়মান বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। তিনি (মনজুর–উল–আলম) সৈয়দপুরে ১৯৭১ সালের শহীদদের স্মরণে রেলের টাকা খরচ না করে স্মৃতিসৌধ স্থাপন করেছেন। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক ডেকে এই কর্মকর্তার পদোন্নতি দেওয়ার বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন রেলমন্ত্রী।
এ বিষয়ে রেলমন্ত্রীর বক্তব্য জানতে নানাভাবে চেষ্টা করা হয়। তবে পাওয়া যায়নি। দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, মন্ত্রীর আধা সরকারি পত্র দেওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। কারণ অধীন একজন কর্মকর্তার পদোন্নতির জন্য আরেকটি সরকারি দপ্তরে চিঠি দিয়ে মন্ত্রী সাধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আবার দুদকে দুর্নীতির তদন্ত চলছে, এমন একজন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ দুর্নীতি সহায়ক চেষ্টা। এটি অনৈতিকও বটে।