সাবেক হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন

ফেরদৌসি শাহরিয়ারছবি: সংগৃহীত

অতিরিক্ত পররাষ্ট্রসচিব ও সিঙ্গাপুরে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ার (৫৪) আর নেই। বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও তিন সন্তান রেখে গেছেন।

বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার জানুয়ারি ১৯৯৯ তারিখে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্রসচিব। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তাঁরা।