রুগ্ণ ও বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে দেশের রুগ্ণ ও বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সেখানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।’ তবে বেসরকারি উদ্যোক্তারা এ উদ্যোগের সঙ্গে কীভাবে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কেমন হবে, সে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যে বলা হয়েছিল, ওই সময় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭। এর মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ণ বা বন্ধ শিল্প ৩৮২টি, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ৫টি, বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন ৬টি চিনিকল এবং বিএসইসির ৪টি কারখানা রয়েছে। গত দুই বছরে এই সংখ্যা আরও বেড়েছে। তবে হালনাগাদ কোনো পরিসংখ্যান সরকারের তরফে প্রকাশ করা হয়নি।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ণ শিল্পকারখানাগুলো খুলে দেওয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।’